নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের একদল নেতা-কর্মী রোববার দেশি অস্ত্র নিয়ে গোপালগঞ্জ শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন। বেলা ১১টা থেকে পৌনে দুইটা পর্যন্ত শহরের বিভিন্ন সড়কে চলে তাদের এই মহড়া। মিছিলের এক পর্যায়ে ক্ষুব্ধ নেতা-কর্মীরা পুলিশের একটি সাঁজোয়া যান (এপিসি) ও পুলিশ বক্স ভাঙচুর করেন। এসময় বেশ কয়েকজন নেতা-কর্মীকে এপিসির ওপর দাঁড়িয়ে স্লোগান দিতে দেখা যায়। তারা এপিসির পেছনের লুকিং গ্লাস ভেঙে ফেলেন এবং গায়ে লাল রং দিয়ে ‘জয় বাংলা’ লিখে দেন।
বিক্ষোভ মিছিলের সময় শহরের জুলাই স্মৃতিস্তম্ভ এবং হাদি চত্বরের নামফলকও ভাঙচুর করা হয়। মাথায় হেলমেট পরিহিত দলের অনেক নেতাকর্মী বিভিন্ন স্লোগান দিতে দিতে সামনে এগিয়ে যান। এছাড়া গোপালগঞ্জ সরকারি কলেজের প্রধান ফটকের নামফলক মুছে সেখানে ‘সরকারি বঙ্গবন্ধু কলেজ’ লেখা একটি ব্যানার টাঙিয়ে দেওয়া হয়েছে। রোববার সকাল থেকেই পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে শত শত নেতাকর্মী ও সমর্থক শহরের লঞ্চঘাট এলাকায় জড়ো হওয়ার পর থেকে এই উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
আকাশ নিউজ ডেস্ক 
























