হবিগঞ্জের মাধবপুর এলাকায় ঢাকা–সিলেট মহাসড়কে ডাকবাহী মেইলগাড়ির সঙ্গে পাথরবোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে নয়াপাড়া–কায়সারনগর এলাকায় এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। এতে ডাক বিভাগের গাড়িটির চালক ও দুই কর্মী ঘটনাস্থলেই প্রাণ হারান।
নিহত ব্যক্তিরা হলেন মেইলগাড়ির চালক মো. জসিম (৪০), গার্ড মজনু মিয়া (৫৪) এবং মেইল ক্যারিয়ার আবুল কালাম আজাদ (৫৫)। এদের মধ্যে জসিম ও আবুল কালাম আজাদের বাড়ি মৌলভীবাজারের কমলগঞ্জে। দুর্ঘটনাকবলিত গাড়িটি সিলেট পোস্টাল ডিভিশনের মেইল পরিবহনের দায়িত্ব পালন করছিল।
মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মুক্তাদির হোসেন জানান, দুর্ঘটনার পরপরই ওই তিনজনকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান, মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বর্তমানে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 
























