শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শনের পাশাপাশি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও রাজনৈতিক কর্মসূচিতে যোগ দিতে বন্দরনগরী চট্টগ্রামে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে রাজশাহী থেকে সামরিক উড়োজাহাজে করে তিনি চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল। আজ মঙ্গলবার (২০ অক্টোবর) বিকাল থেকে হলের আশপাশে জড়ো হতে থাকেন নানা বয়সী মানুষ।
বিমানবন্দর থেকে কড়া নিরাপত্তার মধ্যে সড়কপথে নগরের রহমতগঞ্জের জেএমসেন হল মণ্ডপের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। পথে সড়কের দুই পাশে অবস্থান নেওয়া বিএনপির নেতাকর্মী ও পথচারীদের গাড়ি থেকে হাত নেড়ে শুভেচ্ছা জানান তিনি। সফরসূচি অনুযায়ী, জেএমসেন হলে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে তিনি মতবিনিময় করবেন।
এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে দুপুরের পর থেকেই নগরের কোতোয়ালি থানার জেএমসেন হল ও আশপাশের এলাকায় বিপুলসংখ্যক উৎসুক জনতা জড়ো হতে থাকেন। সফর উপলক্ষে পুরো চট্টগ্রাম নগরীজুড়ে নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। বিশেষ করে রহমতগঞ্জ ও জেএমসেন হল সংলগ্ন এলাকাগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বাড়তি সতর্কতা অবলম্বন করতে দেখা গেছে।
পূজামণ্ডপের কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে এক সাংগঠনিক বৈঠকে অংশ নেবেন। নির্ধারিত সব আনুষ্ঠানিকতা শেষে রাতে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকেই তিনি ঢাকার উদ্দেশে রওনা হবেন।
আকাশ নিউজ ডেস্ক 























