দুবাই সফররত যাত্রীদের আকৃষ্ট করতে বিশেষ বোনাস মাইলের প্রচারণামূলক অফার শুরু করেছে সংযুক্ত আরব আমিরাতের উড়োজাহাজ সংস্থা এমিরেটস। এয়ারলাইনটির আনুগত্য কর্মসূচি ‘এমিরেটস স্কাইওয়ার্ডস’-এর আওতায় দুবাইয়ে অবস্থানের প্রতি মিনিটের বিনিময়ে বোনাস হিসেবে একটি করে মাইল পাবেন যোগ্য ভ্রমণকারীরা। নতুন এই সুবিধা কাজে লাগিয়ে একজন গ্রাহক সর্বোচ্চ ৭ হাজার ২০০ বোনাস মাইল জমা করার সুযোগ পাবেন।
এমিরেটস জানিয়েছে, ২১ অক্টোবর থেকে শুরু হওয়া এই প্রচারণা ১৩ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত কার্যকর থাকবে। তবে সুবিধাটি পেতে যাত্রীদের ২১ অক্টোবর থেকে ৫ নভেম্বরের মধ্যে প্রয়োজনীয় নিবন্ধন শেষ করে এমিরেটসের অফিশিয়াল ওয়েবসাইট কিংবা অ্যাপের মাধ্যমে যোগ্য ফিরতি টিকিট কাটতে হবে। ফ্লাইটের টিকিটে উল্লেখিত আগমন ও প্রস্থানের নির্ধারিত সময় হিসাব করে দুবাইয়ে অবস্থানের সময়কাল নির্ধারণ করা হবে। এই অফারটি এমিরেটস এবং ফ্লাইদুবাইয়ের নির্বাচিত কিছু নির্দিষ্ট রুটের ক্ষেত্রে প্রযোজ্য রাখা হয়েছে। তবে মাইল ব্যবহারের ক্ষেত্রে আসনপ্রাপ্যতা, প্রয়োজনীয় মাইলের সংখ্যা এবং অতিরিক্ত চার্জ প্রযোজ্য হতে পারে। এমিরেটসের এ উদ্যোগের লক্ষ্য দুবাইয়ে যাত্রীদের অবস্থানকে আরও আকর্ষণীয় করে তোলা।
সংস্থার নির্ধারিত নিয়ম অনুযায়ী, দুবাইয়ে এক দিন অর্থাৎ ২৪ ঘণ্টা অবস্থান করলে যাত্রীদের অ্যাকাউন্টে যোগ হবে ১ হাজার ৪ ৪০ বোনাস মাইল। একইভাবে দুই দিন বা ৪৮ ঘণ্টা অবস্থান করলে মিলবে ২ হাজার ৮৮০ মাইল। পাঁচ দিন অবস্থান করলেই অর্জিত হবে অফারের সর্বোচ্চ সীমা ৭ হাজার ২০০ মাইল। তবে পাঁচ দিনের বেশি সময় দুবাইয়ে অবস্থান করলেও বোনাস মাইলের পরিমাণ আর বাড়বে না। হিসাব অনুযায়ী, দুবাইয়ে ২৪ ঘণ্টা অবস্থান করলে পাওয়া যাবে ১ হাজার ৪৪০ বোনাস মাইল।
এই অফারটির সুবিধা নিতে বেশ কিছু শর্ত বেঁধে দিয়েছে কর্তৃপক্ষ। যাত্রীদের অবশ্যই সংযুক্ত আরব আমিরাতের বাহির থেকে ভ্রমণ শুরু করতে হবে এবং দুবাইয়ে অন্তত ২৪ ঘণ্টা অবস্থান করতে হবে। সংযুক্ত আরব আমিরাত থেকে যাত্রা শুরু করা বা সে দেশে ইস্যু করা টিকিট, একমুখী টিকিট কিংবা আগে থেকে অর্জন করা পুরস্কারের মাইল দিয়ে কেনা টিকিটের ক্ষেত্রে এই ছাড় মিলবে না। পাশাপাশি স্কাইওয়ার্ডস অ্যাকাউন্টে আরব আমিরাতের বাসিন্দা হিসেবে নিবন্ধিত সদস্যরা এই অফারের যোগ্য বলে বিবেচিত হবেন না। অফারে পাওয়া মাইল ব্যবহার করে আসন খালি থাকা সাপেক্ষে টিকিট কেনা বা উড্ডয়ন শ্রেণি উন্নীত করা গেলেও অন্যান্য সাধারণ ফি প্রযোজ্য থাকবে।
আকাশ নিউজ ডেস্ক 























