বঙ্গোপসাগরে সৃষ্ট সম্ভাব্য লঘুচাপের প্রভাবে দেশের উপকূলীয় এলাকায় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির স্বাক্ষরিত সর্বশেষ পূর্বাভাসে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বর্তমানে তামিলনাড়ু উপকূলের কাছে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে একটি লঘুচাপ অবস্থান করছে, যার একটি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। পাশাপাশি আগামী ২৪ ঘণ্টার মধ্যে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এলাকায় নতুন আরেকটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে, যা পরবর্তীতে আরও ঘনীভূত হতে পারে। আগামী ৩ দিন পর বঙ্গোপসাগরে সৃষ্ট সম্ভাব্য লঘুচাপের প্রভাবে দেশের উপকূলীয় এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অফিসের তথ্যমতে, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে এবং আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। এসময় দিন ও রাতের তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। শুক্র ও শনিবারও (২৩ ও ২৪ অক্টোবর) একই রকম আবহাওয়া বিরাজ করতে পারে, তবে শনিবার রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে।
বৃষ্টিপাতের সম্ভাবনা মূলত রবিবার (২৫ অক্টোবর) থেকে শুরু হতে পারে। ঐদিন চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যান্য এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকবে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। এসময় দিনের তাপমাত্রা স্থিতিশীল থাকলেও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
সপ্তাহের শুরুতে অর্থাৎ সোমবার (২৬ অক্টোবর) বৃষ্টির পরিধি কিছুটা বাড়তে পারে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঐদিন খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে দেশের অন্যান্য অঞ্চলে আবহাওয়া শুষ্ক থাকবে। একই সঙ্গে সোমবার সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 























