মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়েছে সাটুরিয়া থানা পুলিশ। এই অভিযানে ইয়াবা ও দেশীয় মদসহ মো. আব্দুর রশিদ (৩৫) ও প্রভাতী রানী মনিদাস (৪৫) নামের দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আব্দুর রশিদ পশ্চিম কাউন্নারা এলাকার বাসিন্দা এবং প্রভাতী রানী মনিদাস চর-ভাটারা ঋষিপাড়া এলাকার ঝন্টু মনিদাসের স্ত্রী।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (৬ অক্টোবর) রাত পৌনে ৯টার দিকে পশ্চিম কাউন্নারা এলাকায় অভিযান চালিয়ে মো. আব্দুর রশিদকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। একই সময়ে এসআই সুলতানের নেতৃত্বে অপর একটি অভিযানে চর-ভাটারা ঋষিপাড়ার নিজ বসতবাড়ি থেকে ১০ লিটার দেশীয় মদসহ প্রভাতী রানী মনিদাসকে আটক করা হয়।
সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোশাররফ হোসেন জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের আদালতে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, মাদকের ছোবল থেকে সমাজকে রক্ষা করা পুলিশের প্রধান লক্ষ্য। এলাকাকে সম্পূর্ণ মাদকমুক্ত করতে স্থানীয়দের ঐক্যবদ্ধ সহযোগিতা ও পুলিশি নজরদারি অব্যাহত থাকবে।
আকাশ নিউজ ডেস্ক 




















