আকাশ জাতীয় ডেস্ক:
সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেছেন, রাজনৈতিক অঙ্গনে শালীন ভাষা ও সুস্থ রাজনৈতিক সংস্কৃতি বজায় রাখা জরুরি। তিনি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যের সমালোচনা করে বলেন, নাসীরুদ্দীন পাটওয়ারী যে ভাষায় কথা বলেন, তা কোনো রাজনৈতিক সংস্কৃতি হতে পারে না।
সোমবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে ‘৬ষ্ঠ আবৃত্তি উৎসব-২০২৬’ ও আন্তঃবিভাগ নজরুল আবৃত্তি প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, রাজনৈতিক সংস্কৃতি বলে একটি বিষয় আছে। বিভিন্ন গণআন্দোলনের মধ্য দিয়ে দেশে একেক ধরনের সাংস্কৃতিক ধারা তৈরি হয়েছে। কিন্তু জুলাইকে কেন্দ্র করে কিছু মানুষ যে ভাষা ও আচরণ রাজনীতিতে নিয়ে এসেছে, তা উদ্বেগজনক। স্বাধীনতা সংগ্রাম কিংবা এরশাদবিরোধী আন্দোলনের সময়ও এ ধরনের ভাষা ব্যবহার করা হয়নি।
তিনি আরও বলেন, নাসীরুদ্দীন পাটওয়ারী যে ভাষায় কথা বলেন, তা কোনো রাজনৈতিক সংস্কৃতি হতে পারে না। সে যে ভাষায় কথা বলে, সেই ভাষায় কি কেউ নিজের বাবার সামনে কথা বলতে পারবেন? রাজনীতি একটি সুন্দর বিষয়। সমাজ, রাষ্ট্র ও মানুষের মানসিক বিকাশে রাজনীতির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। রাজনৈতিক সংস্কৃতির এই সংকট থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। কিছু রাজনৈতিক শক্তি অশালীন ভাষার চর্চাকে সমর্থন করছে, যা দেশের রাজনৈতিক সংস্কৃতির জন্য সংকট সৃষ্টি করছে।
সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী বলেন, সংস্কৃতি শুধু গান, আবৃত্তি বা সঙ্গীতের মধ্যে সীমাবদ্ধ নয়; এটি একটি বিস্তৃত বিষয়। সংস্কৃতির প্রতিটি ক্ষেত্রকে শক্তিশালী করতে হবে। সরকারের দায়িত্ব হলো সাংস্কৃতিক চর্চার বিকাশে সহায়তা করা, নিয়ন্ত্রণ করা নয়।
রাষ্ট্র পরিচালনার চ্যালেঞ্জের কথা তুলে ধরে তিনি বলেন, দায়িত্ব গ্রহণের পর সরকার দেশের বিভিন্ন খাতের গভীর সংকট সম্পর্কে ধারণা পেয়েছে। অর্থনীতি, শিক্ষা, সংস্কৃতি, রাজনীতি ও ব্যবসা-বাণিজ্যসহ প্রায় সব ক্ষেত্রেই দীর্ঘদিনের প্রাতিষ্ঠানিক দুর্বলতা রয়েছে। এসব সংকট কাটিয়ে উঠতে সময় লাগবে এবং রাষ্ট্র পুনর্গঠনের কাজ দীর্ঘমেয়াদি প্রক্রিয়া।
অনুষ্ঠানের উদ্বোধন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য নাদিয়া পাঠান পাপন, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শারমীন এবং শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. ইমরানুল হক।
অনুষ্ঠানে দৈনিক যুগান্তরের সম্পাদক কবি আব্দুল হাই শিকদারকে ‘কবি সম্মাননা’ এবং আবৃত্তিশিল্পী মুন্সী মো. রেজাউল হোসেইন টিটুকে ‘আবৃত্তি শিল্পী সম্মাননা’ প্রদান করা হয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদের সভাপতি আবিদুল হক রাহাতের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক মারুফা আক্তার লিজা।
আকাশ নিউজ ডেস্ক 


















