আকাশ আন্তর্জাতিক ডেস্ক :
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি বলেছেন, দেশের হতাশ তরুণ সমাজ ঐক্যবদ্ধ হলে বিদ্যমান রাজনৈতিক ও প্রশাসনিক ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন ঘটাতে পারে। ভারতের তরুণদের আন্দোলনের প্রসঙ্গ টেনে তিনি সতর্ক করে বলেন, তরুণদের ‘তেলাপোকা’ বলা হোক বা অন্য কিছু—তারা ঐক্যবদ্ধ হলে ‘সবকিছু উল্টে দিতে পারে’।
বৃহস্পতিবার ইসলামাবাদে অনুষ্ঠিত পাকিস্তান ইকোনমিক সামিটে বক্তব্য দেওয়ার সময় দেশটির শাসনব্যবস্থার নানা দুর্বলতা তুলে ধরেন নকভি। তিনি বলেন, বর্তমান ব্যবস্থার মাধ্যমে পাকিস্তানের বিদ্যমান সমস্যাগুলোর সমাধান সম্ভব নয়।
নকভি বলেন, ‘আমরা যে ব্যবস্থার অধীনে বসবাস করছি, তা ভেঙে পড়েছে। এই ব্যবস্থার মাধ্যমে সমস্যার সমাধান সম্ভব নয়।’
সাধারণ পাকিস্তানিরা কোনো অনুদান চান না উল্লেখ করে তিনি বলেন, মানুষ এমন একটি ন্যায্য ব্যবস্থা চায়, যেখানে যোগ্যতার মূল্যায়ন হবে এবং ন্যায়বিচার নিশ্চিত করা হবে।
তিনি বলেন, ‘সাধারণ মানুষের কাছে গুরুত্বপূর্ণ হলো—আমরা যেন ন্যায়বিচার পাই, যোগ্যতার জয় হয় এবং আমাদের কাজের সুযোগ তৈরি হয়।’
পাকিস্তানে কাঠামোগত সংস্কারের আহ্বান জানিয়ে নকভি নতুন প্রশাসনিক ইউনিট গঠন এবং স্থানীয় সরকারগুলোকে আরও ক্ষমতাবান করার প্রস্তাব দেন। তার সতর্কতা, ব্যাপক সংস্কার না হলে আগামী এক দশক পরও পাকিস্তান একই সমস্যাগুলো নিয়ে আলোচনা করতে থাকবে।
দেশটির হতাশ তরুণ সমাজের প্রসঙ্গ টেনে তিনি ভারতের তরুণদের আন্দোলনের উদাহরণ দেন। নকভি বলেন, ‘এখন, আপনি সেই তরুণকে যুবক বলুন, তেলাপোকা বলুন বা অন্য যেকোনো কিছুই বলুন না কেন; এই তেলাপোকারা যদি ঐক্যবদ্ধ হয়, তবে তারা সবকিছু উল্টে দিতে পারে।’
পাকিস্তানে অর্থনৈতিক সংকট, বেকারত্ব, রাজনৈতিক বিভাজন এবং বেলুচিস্তান, পাকিস্তান-অধিকৃত কাশ্মীর ও খাইবার পাখতুনখোয়ায় চলমান সহিংস আন্দোলনের মধ্যে নকভি এসব মন্তব্য করলেন।
তিনি বলেন, গত কয়েক বছরে শ্রীলঙ্কা, নেপাল ও বাংলাদেশে তরুণদের আন্দোলনের মাধ্যমে সরকার পরিবর্তনের ঘটনা ঘটেছে। একইভাবে, গত মাসে ভারতের তরুণদের আন্দোলনও দেশটির দীর্ঘদিনের রাজনৈতিক নেতৃত্বের ওপর চাপ তৈরি করেছিল বলে মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নকভি বলেন, পাকিস্তানের সমস্যাগুলো কেবল সামরিক নেতৃত্বের পক্ষে সমাধান করা সম্ভব নয়। দেশটির সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘রাজনীতিবিদরা যতক্ষণ না দেশের ব্যবস্থা ঠিক করছেন, ততক্ষণ ফিল্ড মার্শালের কঠোর পরিশ্রম কোনো উপকারে আসবে না।’
নকভি আরও বলেন, আসিম মুনির সবসময় গণতান্ত্রিক ধারাবাহিকতা বজায় রাখার পক্ষে মত দিয়েছেন। একই সঙ্গে সুশাসন নিশ্চিত করতে রাজনৈতিক দলগুলোকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি। তথ্যসূত্র: টাইমস অফ ইন্ডিয়া।
আকাশ নিউজ ডেস্ক 















