আকাশ জাতীয় ডেস্ক:
সব রাজনৈতিক দলের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এই নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হলে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করেছে দলটি। একই সঙ্গে সিলেটে দলটির নেতাকর্মীদের ওপর সাম্প্রতিক হামলার সুষ্ঠু তদন্ত, দোষীদের শাস্তি এবং আগামী ৩০ ও ৩১ জুলাই ঘোষিত পদযাত্রা কর্মসূচিতে সর্বাত্মক নিরাপত্তা নিশ্চিতের দাবি জানানো হয়েছে।
বুধবার সিলেট নগরীর জেলরোড এলাকায় একটি হোটেলে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে এসব দাবি জানান এনসিপির সিলেট জেলা আহ্বায়ক মো. জুনেদ আহমদ।
তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী কিছুদিন আগে দেশে কোনো ধরনের মব সৃষ্টি হতে দেওয়া হবে না বলে ঘোষণা দিয়েছিলেন। কিন্তু সাম্প্রতিক ঘটনায় প্রশাসন রাজনৈতিক কর্মসূচির নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
জুনেদ আহমদ বলেন, সব রাজনৈতিক দলের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, অন্যথায় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত।
সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, সিলেটে এনসিপির নেতাকর্মীদের ওপর সাম্প্রতিক হামলার ঘটনায় প্রশাসন কার্যকর ভূমিকা রাখতে পারেনি। রাজনৈতিক কর্মসূচি পালন সাংবিধানিক অধিকার উল্লেখ করে এই নেতা বলেন, কোনো দলের নেতাকর্মীদের ওপর হামলা বা ভয়ভীতি সৃষ্টি গণতান্ত্রিক চর্চার পরিপন্থি। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
জুনেদ আহমদ জানান, আগামী ৩০ ও ৩১ জুলাই সিলেটের কয়েকটি উপজেলায় এনসিপির পদযাত্রা কর্মসূচি অনুষ্ঠিত হবে। এই কর্মসূচি চলাকালে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে এর দায় প্রশাসন ও সরকারকে বহন করতে হবে বলে তিনি হুঁশিয়ারি দেন।
সংবাদ সম্মেলনে সিলেট জেলা ও উপজেলা পর্যায়ে দলের মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থীদের নাম ঘোষণা করা হয়। জেলা পর্যায়ে চেয়ারম্যান প্রার্থীদের তালিকায় রয়েছেন এনসিপি সিলেট জেলা আহ্বায়ক জুনেদ আহমেদ, সদস্য সচিব কামরুল আরিফ, যুগ্ম আহ্বায়ক হিফজুর রহমান খাঁন, সিনিয়র সদস্য সচিব মোস্তাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক শামসুজ্জামান হেলাল, সামসুল ইসলাম ও নুরুল ইসলাম, যুগ্ম সদস্য সচিব সাদি জামালি এবং সদস্য আলমাস মিয়া ও সুয়েব আহমদ।
উপজেলা পর্যায়ে মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থীদের মধ্যে রয়েছেন উসমানীনগর উপজেলার হাজী মোসাহিদ আলী, কোম্পানীগঞ্জ উপজেলার উবায়েদ আহমেদ এবং গোয়াইনঘাট উপজেলার মনসুরুল হাসান।
এ ছাড়া উপজেলা পর্যায়ের অন্যান্য নেতাদের মধ্যে রয়েছেন ফেঞ্চুগঞ্জ উপজেলা আহ্বায়ক সুমেল মিয়া, উসমানীনগর উপজেলা সদস্য সচিব মনিরুল সাকিব, গোলাপগঞ্জ উপজেলা আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ, সিলেট সদর উপজেলা সহ-সাংগঠনিক সম্পাদক লায়েক আহমদ, বিশ্বনাথ উপজেলা সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম খলিলুল্লাহ, ফেঞ্চুগঞ্জ উপজেলা যুগ্ম সম্পাদক তানজিল আহমদ, সিলেট সদর উপজেলা সদস্য সচিব জাকির হোসেন এবং সিলেট সদর উপজেলা যুগ্ম আহ্বায়ক মো. সামসুল আলম।
আকাশ নিউজ ডেস্ক 



















