আকাশ জাতীয় ডেস্ক:
পাঁচটি জেলা নিয়ে বগুড়া বিভাগ গঠনের প্রক্রিয়া শুরুর ইঙ্গিত দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
বগুড়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘বগুড়া জেলা ও বগুড়া সিটি করপোরেশনের সমন্বিত উন্নয়ন’ বিষয়ক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ইঙ্গিত দেন।
মীর শাহে আলম বলেন, চার জেলার এমপিরা স্বেচ্ছায় এসে সিরাজগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট ও গাইবান্ধা জেলা নিয়ে বগুড়াকে বিভাগ করার ব্যাপারে সমর্থন দিয়েছেন। আমার মনে হয় প্রধানমন্ত্রীর এখন খুব একটা কষ্ট হবে না।
প্রতিমন্ত্রী বলেন, অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য ও নগর সেবাসহ বগুড়ার সামগ্রিক অগ্রগতির জন্য একটি সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়ন ও কমিটি গঠন করা হচ্ছে। এ লক্ষ্যে জেলার অবকাঠামো উন্নয়নে তিন হাজার কোটি টাকা এবং ১২টি পৌরসভার জন্য দুই হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প অনুমোদনের অপেক্ষায় আছে। তিনি বর্ষাকালীন জরুরি রাস্তা মেরামত ও সংস্কারে নিজ নিজ এলাকার ১০ কোটি টাকা করে প্রকল্প প্রস্তাব জমা দিতে অন্যান্য আসনের সংসদ সদস্যদের প্রতি অনুরোধ জানিয়েছেন।
তিনি সভায় ৩০টি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালকে ১৮শ’ শয্যায় উন্নীতকরণ, সারিয়াকান্দি বাঁধ সুরক্ষা, শেরপুর, বনানী ও মাটিডালী ফ্লাইওভার নির্মাণ এবং নেসকোর প্রধান কার্যালয় স্থানান্তরসহ বগুড়ার নানা বিষয়ে আলোচনা করেন।
জেলা প্রশাসক তৌফিকুর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তার।
সভায় আরও উপস্থিত ছিলেন, রাজশাহী বিভাগীয় কমিশনার আ ন ম বজলুর রশীদ, বগুড়া-১ আসনের সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম, বগুড়া-৩ আসনের সংসদ সদস্য আবদুল মুহিত তালুকদার, বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ হোসেন, বগুড়া-৫ আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ, বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, বগুড়া-৭ আসনের সংসদ সদস্য মোরশেদ মিলটন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনি ও প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ উজ্জ্বল হোসাইন প্রমুখ।
আকাশ নিউজ ডেস্ক 



















