আকাশ জাতীয় ডেস্ক:
আগামী বিশ্বকাপে শুধু বিনা খরচে সম্প্রচার নয়, বিজ্ঞাপনের বাজার থেকে আয় করার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
রবিবার সচিবালয়ের তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে ২০২৬ ফুটবল বিশ্বকাপ সম্প্রচার বিষয়ে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। সভায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক উপস্থিত ছিলেন।
তথ্যমন্ত্রী বলেন, এবার কোনো সরকারি অর্থ ব্যয় ছাড়াই বিশ্বকাপ সম্প্রচার সম্ভব হয়েছে। আগামী বিশ্বকাপে সেই অভিজ্ঞতার ভিত্তিতে বিজ্ঞাপনের বাজারকে কাজে লাগিয়ে এটিকে একটি লাভজনক উদ্যোগে পরিণত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
তিনি বলেন, সাংবাদিকদের সহযোগিতা অব্যাহত থাকলে ভবিষ্যতে বিশ্বকাপ সম্প্রচার শুধু শূন্য ব্যয়ের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং সরকার এ খাত থেকে আয়ও করতে পারবে।
জহির উদ্দিন স্বপন বলেন, অল্প সময়ের মধ্যে বিশ্বকাপ সম্প্রচার সফল করতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারী, তথ্য প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা, সচিব, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট সবাই আন্তরিকভাবে কাজ করেছেন। এ জন্য তিনি তাদের ধন্যবাদ জানান।
তিনি আরও বলেন, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিদ আউয়ালও পুরো প্রক্রিয়ায় নিয়মিত সহযোগিতা করেছেন।
তথ্যমন্ত্রীর দাবি, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা ও দূরদর্শিতার কারণেই সরকারি অর্থ ব্যয় ছাড়াই বিশ্বকাপ সম্প্রচার সম্ভব হয়েছে। তিনি এজন্য প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সভায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বিশ্বকাপ সম্প্রচার সফলভাবে সম্পন্ন করায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়কে ধন্যবাদ জানান।
এ সময় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিবের দায়িত্বে থাকা অতিরিক্ত সচিব শাহ আলম এবং প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ উপস্থিত ছিলেন।
আকাশ নিউজ ডেস্ক 


















