আকাশ জাতীয় ডেস্ক:
ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ২০২৬-২০২৭ করবর্ষের আয়কর রিটার্ন অনলাইনে দাখিলের সুবিধা চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। করসেবা সহজ, দ্রুত ও স্বচ্ছ করার লক্ষ্যে বুধবার (২২ জুলাই) থেকে এ সুবিধা চালু করা হয়েছে।
এনবিআর জানিয়েছে, ২০২১ সালে অনলাইন রিটার্ন দাখিল পদ্ধতি চালুর পর থেকে সেবাটি করদাতাদের মধ্যে জনপ্রিয়তা পেয়েছে। ২০২৫-২০২৬ করবর্ষে রেকর্ড প্রায় ৪৭ লাখ ব্যক্তিশ্রেণির করদাতা ই-রিটার্ন সিস্টেমের মাধ্যমে সফলভাবে আয়কর রিটার্ন দাখিল করেছেন।
এনবিআরের মতে, ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারের মাধ্যমে করদাতাদের মধ্যে ই-রিটার্ন দাখিলের আগ্রহ দ্রুত বাড়ছে। এর ফলে করদাতারা এখন ঘরে বসেই বার্ষিক আয়কর রিটার্ন প্রস্তুত ও দাখিল করতে পারছেন। এনবিআর এক বিশেষ আদেশের মাধ্যমে সব স্বাভাবিক ব্যক্তিশ্রেণির করদাতার জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করেছে।
তবে ৬৫ বছর বা তার বেশি বয়সী প্রবীণ করদাতা, সনদপত্র দাখিল সাপেক্ষে শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা, বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা, মৃত করদাতার পক্ষে প্রতিনিধি এবং বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকরা অনলাইনের পরিবর্তে পেপার রিটার্ন জমা দিতে পারবেন।
এ ছাড়া ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন সংক্রান্ত সমস্যার কারণে কোনো স্বাভাবিক ব্যক্তি করদাতা অনলাইনে রিটার্ন দাখিল করতে না পারলে সংশ্লিষ্ট অতিরিক্ত বা যুগ্ম কর কমিশনারের অনুমোদনক্রমে পেপার রিটার্ন জমা দিতে পারবেন। এনবিআর জানিয়েছে, www.etaxnbr.gov.bd সিস্টেম ব্যবহার করে করদাতারা ব্যাংক ট্রান্সফার, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, বিকাশ, রকেট, নগদ অথবা অন্যান্য মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে ঘরে বসেই কর পরিশোধ করতে পারবেন।
সঠিক তথ্য প্রদান করে অনলাইনে রিটার্ন প্রস্তুত ও জমা দেওয়ার পর করদাতারা তাৎক্ষণিক প্রাপ্তিস্বীকারপত্র এবং আয়কর সনদ সংগ্রহ করতে পারবেন। অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের ক্ষেত্রে কোনো সমস্যা হলে তা সমাধানে এনবিআরের কর্মকর্তারা সরকারি ছুটি ছাড়া অফিস চলাকালীন সময়ে কল সেন্টার এবং অন্যান্য ইলেকট্রনিক মাধ্যমে সেবা প্রদান করবেন। ২০২৬-২০২৭ করবর্ষ থেকে ব্যক্তিশ্রেণির করদাতারা জুলাই থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে রিটার্ন দাখিল করলে নীট প্রদেয় করের ৫ শতাংশ (সর্বোচ্চ ২৫ হাজার টাকা) প্রণোদনা পাবেন।
এনবিআর জানিয়েছে, সেপ্টেম্বরের পর দাখিল করা রিটার্নের ক্ষেত্রে এই প্রণোদনা প্রযোজ্য হবে না। এছাড়া ডিসেম্বরের পর দাখিল করা রিটার্নের ক্ষেত্রে অতিরিক্ত কর পরিশোধ করতে হবে। এ কারণে যথাসময়ে আয়কর রিটার্ন দাখিলের জন্য করদাতাদের প্রতি আহ্বান জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড।
আকাশ নিউজ ডেস্ক 


















