আকাশ জাতীয় ডেস্ক:
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, দেশে আইনের শাসন এবং স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে চাই। সেই লক্ষ্যে আমরা কাজ করছি। সবাই একসঙ্গে কাজ করলে দেশের উন্নয়ন সহজ হবে।
শনিবার দিনাজপুরের বিরামপুর উপজেলা চত্বরে ছাত্র-ছাত্রীদের বৃত্তির চেক ও প্রতিবন্ধী শিশুদের হুইলচেয়ার, শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা ও ক্রীড়া সামগ্রী বিতরণের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
সমাজকল্যাণ মন্ত্রী বলেন, হাইব্রিড জাতীয় তুলা চাষে কৃষকরা অধিক ফলন পাবেন। আমাদের নতুন প্রজন্মের গবেষকেরা তাদের গবেষণায় তুলা চাষে এগিয়ে গেছেন এবং সফলতা অর্জন করতে সক্ষম হয়েছেন। তুলা চাষে কৃষকরা লাভবান হলে আগামীতে তুলা চাষের প্রতি আগ্রহ বাড়বে। এজন্য সরকারি পৃষ্ঠপোষকতায় তুলা উন্নয়ন বোর্ড কাজ করে যাচ্ছে।
পরিবেশ সুরক্ষা, সবুজ বাংলাদেশ গঠন ও ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে প্রধানমন্ত্রীর ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় সারাদেশে শিমুল ও মসলিন তুলা এবং ট্রি কটন চারা বিতরণ করা হয়।
সভা শেষে ১০০ জন কৃষকের হাতে তুলা ফসলে প্রণোদনা কর্মসূচির আওতায় হাইব্রিড তুলা বীজ, ৩০০টি শিমুল ও মসলিন চারা, সার, কীটনাশক ও পিজিআর বিনামূল্যে বিতরণ করা হয়।
তুলা উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক রেজাউল আমিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিরামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী চৌধুরী রুবেল, প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা ঠাকুরগাঁও সেলিনা আকতার, ডিডি সিডিবি রংপুর কৃষিবিদ জাফর আলী, বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিনা খাতুন, দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আফজাল হোসেন, জেলা শিক্ষা অফিসার খন্দকার আতাউদ্দীন আল আজাদ, জিনিং কর্মকর্তা দিনাজপুর আবু জুয়েলসহ অন্যান্যরা।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিনা খাতুনের সভাপতিত্বে আলোচনা সভা শেষে মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে বৃত্তির চেক ও প্রতিবন্ধী শিশুদের মাঝে হুইলচেয়ার, উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।
অপরদিকে বেলা ১১টায় মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বিরামপুর মহিলা ডিগ্রি কলেজে শিক্ষা প্রকৌশলী দপ্তরের আওতায় একটি আধুনিক মানের ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এছাড়াও উপজেলার খানপুর ইউনিয়নের ধানজুরি থেকে কুর্শাখালি পর্যন্ত নবনির্মিত সড়কের কাজ উদ্বোধন করেন।
আকাশ নিউজ ডেস্ক 



















