আকাশ জাতীয় ডেস্ক:
ভারতের দিল্লির একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল থেকে বাংলাদেশি শিক্ষার্থী মোস্তাক আহমেদ সাগরের ঝুলন্ত লাশ উদ্ধার হয়েছে। গতকাল শনিবার নিজের ফেসবুক প্রোফাইলে আবেগঘন স্ট্যাটাস দেওয়ার কিছুক্ষণ পর তিনি আত্মহত্যা করেন বলে স্বজনদের জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ সংবাদে জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় অবস্থিত সাগরের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে।
সাগর উপজেলার কড়ইচড়া ইউনিয়নের ঘুঘুমারি বাজার এলাকার পল্লিচিকিৎসক মোশারফ হোসেন মিন্টুর ছেলে। স্বজনের দেওয়া তথ্য অনুযায়ী, তিনি বছর তিনেক আগে দিল্লির ফরিদাবাদ এলাকার মানব রচনা ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব রিসার্চ অ্যান্ড স্টাডিজে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তি হন।
মোশারফ হোসেন মিন্টু বলেন, গতকাল শনিবার বিকেলে আত্মীয়স্বজন ফেসবুকে সাগরের আবেগঘন স্ট্যাটাস দেখতে পান। সঙ্গে সঙ্গে তিনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন। তাকে জানানো হয়, তার ছেলে সাগর আবাসিক হলের কক্ষে ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছেন।
আজ রোববার সাগরের মা সুফিয়া বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, শনিবার দুপুরে ছেলের সঙ্গে তার শেষ কথা হয়। তিনি ছেলেকে কি করছে জিজ্ঞেস করলে সাগর জানিয়েছিল, বিছানায় শুয়ে আছেন। ভবিষ্যতে পরীক্ষা, ভালোভাবে পড়াশোনা করা ও কলেজের ফি জমা দেওয়াসহ নানা বিষয়ে তাদের মধ্যে কথা হয়েছিল। তখনও কোনোভাবেই তিনি আঁচ করতে পারেননি এটিই সন্তানের সঙ্গে তার শেষ কথা।
সুফিয়া বেগম বলেন, ‘অনেক কষ্ট করে ছেলেকে বিদেশে পড়তে পাঠিয়েছিলাম। স্বপ্ন ছিল, পড়াশোনা শেষ করে বড় প্রকৌশলী হয়ে দেশে ফিরবেন ছেলে। সেই সব স্বপ্ন চুরমার হয়ে গেল।’
ফেসবুক স্ট্যাটাসে সাগর মা-বাবার কাছে ক্ষমা চেয়ে লেখেন, জীবনের সঙ্গে দীর্ঘদিনের লড়াইয়ে তিনি ক্লান্ত হয়ে পড়েছেন। দেশে ফিরে পরিবারের সঙ্গে সুখের মুহূর্ত ভাগাভাগি করতে না পারার আক্ষেপও প্রকাশ করেন। নিজের মানসিক অস্থিরতা, ব্যক্তিগত হতাশা ও অপূর্ণ ভালোবাসার কথাও উল্লেখ করেন সাগর। একই সঙ্গে মৃত্যুর জন্য কাউকে দায়ী না করার অনুরোধ জানিয়ে তিনি লেখেন, তার এই সিদ্ধান্তের জন্য যেন কোনো নির্দোষ মানুষকে দোষারোপ করা না হয়। মৃত্যুর পর ঝামেলাহীনভাবে লাশ দাফনের আকুতিও জানান তিনি।
মাদারগঞ্জ থানার ওসি স্নেহাশীষ রায় বলেন, তিনিও সামাজিক মাধ্যম থেকে বিষয়টি জেনেছেন। সাগরের পরিবারের পক্ষ থেকে জানানো হয়নি। তারা সহায়তা চাইলে তাৎক্ষণিক সহায়তার চেষ্টা করবেন।
আকাশ নিউজ ডেস্ক 



















