আকাশ বিনোদন ডেস্ক :
বাংলা নববর্ষে কণ্ঠশিল্পী ও অভিনেত্রী–দুই পরিচয়ে দেখা মিলতে যাচ্ছে জেফার রহমানের। নতুন গানের পাশাপাশি মুক্তি পাচ্ছে তাঁর অভিনীত ওয়েব সিনেমা ‘তুমি আমি শুধু’। অভিনেত্রী হিসেবে নিজেকে প্রমাণ করার জন্য এটি ছিল তার কাঙ্ক্ষিত কাজ- এমটাই জানিয়েছেন জেফার।
জানা গেছেন, সম্প্রতি জেফার তার নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছেন সিনেমাটির প্রথম গান ‘তোর ছায়া’। যৌথভাবে এই গানের কথা লিখেছেন বাঁধন ও জেফার। গীতিকথা লেখার পাশাপাশি গানের সুরও করেছেন শিল্পী জেফার রহমান। সংগীতায়োজন করেছেন রায়হান মাহবুব রাশা। গানটি প্রকাশের পরপরই শ্রোতার মাঝে সাড়া ফেলতে শুরু করেছে।
জেফারের কথায়, কাহিনি ও চরিত্রগুলোর বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করেই সিনেমার গান তৈরি করা হয়। ‘তোর ছায়া’ গানের বেলায়ও এর ব্যতিক্রম হয়নি। সিনেমার গান তৈরি ও প্লেব্যাক দুটোই চ্যালেঞ্জিং। সেই চ্যালেঞ্জ নিয়েই গানটি তৈরি করা হয়েছে, যা গল্প ও চরিত্রের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। সব মিলিয়ে গানটি অনেকের ভালো লাগবে বলে এই শিল্পী ও নির্মাতারা আশা প্রকাশ করেছেন।
‘তোর ছায়া’ ভিডিওতে ‘তুমি আমি শুধু’ সিনেমার বেশ কিছু দৃশ্য তুলে আনা হয়েছে, যেখানে প্রীতম হাসান ও জেফারের সাবলীল অভিনয় অনেকের মনোযোগ কেড়েছে; যার সুবাদে এই জুটির প্রথম সিনেমা নিয়ে দর্শক প্রত্যাশা বেড়ে চলেছে। সেই প্রত্যাশা পূরণে বাংলা নববর্ষের প্রথম দিন সিনেমা মুক্তি দেওয়ার পরিকল্পনা করেছেন পরিচালকা শিহাব শাহীন ও স্ট্রিমিং প্ল্যাটফর্ম বিঞ্জ-এর কর্মকর্তারা।
গত বছরের প্রথম ভাগে শুরু হয়েছিল ‘তুমি আমি শুধু’ ওয়েব সিনেমা নির্মাণ। তারও দেড় বছর আগে শুরু হয়েছিল নির্মাণ পরিকল্পনা। শুটিং শুরুর পর কাজে কোনো বাধা আসেনি। শুরু থেকে প্রীতম-জেফার জুটির এই সিনেমা নিয়ে দর্শকের কৌতূহল ছিল চোখে পড়ার মতো। অনেকে নতুন এই জুটির কাজ নিয়ে আলোচনায় মুখর হওয়ার পাশাপাশি সিনেমা মুক্তির প্রহর গোনা শুরু করেছিলেন। তারপরও নির্মাতাদের তরফ থেকে মুক্তির নির্দিষ্ট কোনো তারিখ জানানো হয়নি। শেষ পর্যন্ত কয়েক মাসের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটাতে পরিচালক শিহাব শাহীন এবং স্ট্রিমিং প্ল্যাটফর্ম বিঞ্জ-এর পক্ষ থেকে এলো কাঙ্ক্ষিত ঘোষণা। জানানো হলো, বাংলা নববর্ষ উপলক্ষে বিঞ্জ-এ মুক্তি পাচ্ছে ‘তুমি আমি শুধু’।
সিনেমার অভিনেত্রী ও কণ্ঠশিল্পী জেফারের কথায়, ‘তুমি আমি শুধু’ সেই গল্প এবং চরিত্রের সিনেমা, যার জন্য তিনি অপেক্ষায় ছিলেন। অভিনেত্রী হিসেবে নিজেকে প্রমাণ করার জন্য এটি ছিল কাঙ্ক্ষিত কাজ। তাই চেষ্টা করেছেন অভিনয়ে নিজের সর্বোচ্চটা তুলে ধরার।
সব মিলিয়ে এটি তাঁর স্মরণীয় একটি কাজ। জেফারের মতো এই কাজটি নিয়ে আশার কথা শুনিয়েছেন অভিনেতা প্রীতম হাসান ও নির্মাতারা।
আকাশ নিউজ ডেস্ক 
























