আকাশ জাতীয় ডেস্ক:
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, গণতন্ত্র এমন একটি শক্তি যা মানুষের কল্যাণে কাজ করে। জনগণের অধিকার বাস্তবায়নে গণতন্ত্র অপরিসীম। বিএনপি জনগণের সেই অধিকার বাস্তবায়নে বিশ্বাস করে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকালে নরসিংদীর পলাশ উপজেলা আধুনিক মাল্টিপারপাস অডিটোরিয়ামে পলাশ থানা বিএনপি ও ঘোড়াশাল পৌর বিএনপির আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মঈন খান বলেন, দেশের জনগণ যে আস্থা আর বিশ্বাস নিয়ে বিএনপিকে ভোট দিয়ে ক্ষমতায় এনেছে সেই আস্থা আর বিশ্বাসের প্রতিফলন এক মাসের মধ্যেই জনগণ পেতে শুরু করেছে।
তিনি বলেন, এ দেশের উন্নয়নের জন্য মানুষের কথা বলার অধিকার, ভোটের অধিকার আর হারিয়ে যেতে দেওয়া যাবে না।
পলাশ থানা বিএনপির সভাপতি আব্দুস সাত্তারের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন- পলাশ থানা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল হক, সিনিয়র যুগ্ম সম্পাদক বাহাউদ্দিন ভূইয়া মিল্টন, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, পলাশ থানা শ্রমিক দলের সভাপতি আল আমিন ভূইয়া, পলাশ থানা ছাত্রদলের আহ্বায়ক নাজমুল হোসেন সোহেল প্রমুখ।
আকাশ নিউজ ডেস্ক 


















