অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
সৌদি আরবের রাজতন্ত্রবিরোধী সাংবাদিক সাংবাদিক জামাল খাসোগির হত্যাকাণ্ডের বিষয়ে মার্কিন কংগ্রেসকে বিস্তারিত জানাবে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা বিভাগ সিআইএ।
সিআইএ প্রধান জিনা হাসপেল আজ মঙ্গলবার সিনেট নেতাদের এ হত্যাকাণ্ডের বিষয়ে পাওয়া সব তথ্য জানাবেন। খবর বিবিসি ও ওয়াসিংটন পোস্টের।
গত সপ্তাহে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় খাসোগি হত্যাকাণ্ডের বিষয়ে যে আনুষ্ঠানিক ব্রিফিং করে তাতে অনুপস্থিত ছিলেন জিনা। আর এতে ক্ষিপ্ত হয় কয়েকজন কংগ্রেস সদস্য।
তুরস্কের সৌদি দূতাবাসের ভিতর গত ২ অক্টোবর সাংবাদিক জামাল খাসোগিকে হত্যা করা হয়। সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মাদ বিন সালমান ওই হত্যাকাণ্ডের নির্দেশ দিয়েছেন বলে সিআইএ’র অনুসন্ধানে উঠে আসার খবর বিশ্বের বিভিন্ন গণমাধ্যম জানিয়ে আসছে।
খাসোগি হত্যায় জড়িত ১১ জনকে অভিযুক্ত করেছে সৌদি সরকার, কিন্তু এর সঙ্গে যুবরাজ সালমানের কোনো ধরনের সম্পৃক্ততার কথা তারা শুরু থেকেই অস্বীকার করে আসছে।
মার্কিন গণমাধ্যমগুলো বলছে, হত্যার সঙ্গে সরাসরি জড়িত হিসেবে অভিযুক্ত সৌদ আল কাতানির সঙ্গে প্রিন্স সালমানের ১১টি বার্তা আদান-প্রদানের প্রমাণ রয়েছে সিআইএ’র হাতে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাই পম্পেও এবং প্রতিরক্ষা মন্ত্রী জেমস ম্যাটিস গত সপ্তাহে সিনেটকে জানান, ক্রাউন প্রিন্সের সঙ্গে খাসোগি হত্যার কোনো সরাসরি প্রমাণ পাওয়া যায়নি।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও বলেছেন, এ হত্যাকাণ্ডের বিষয়ে সিআইএ’র অনুসন্ধানে পাওয়া তথ্য চূড়ান্ত নয়।
আকাশ নিউজ ডেস্ক 



















