দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নির্ধারিত সময়সূচি অনুযায়ী ভর্তি পরীক্ষা আয়োজনে এখন আর কোনো আইনি বাধা নেই। এইচএসসি ও সমমান পরীক্ষার অকৃতকার্য পরীক্ষার্থীদের খাতা পুনর্মূল্যায়ন ও পুনঃপরীক্ষার ফলাফল প্রকাশের আগ পর্যন্ত ভর্তি পরীক্ষা স্থগিত সংক্রান্ত হাইকোর্টের আদেশটি স্থাগিত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
সোমবার প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আবেদনের শুনানি নিয়ে এই আদেশ প্রদান করেন। আদালতে রাষ্ট্রপক্ষে আপিল বিভাগের শুনানিতে অংশ নেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। একই সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে আইনজীবী হিসেবে ছিলেন ব্যারিস্টার বেলায়েত হোসেন ও অ্যাডভোকেট কাজী জয়নাল আবেদীন। অন্যদিকে রিটকারীদের পক্ষে আইনি যুক্তি তুলে ধরেন ব্যারিস্টার কামারুন মাহমুদ দীপা।
এর আগে গত ১৭ নভেম্বর বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি এস এম ইফতেখার উদ্দিন মাহমুদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ফল প্রকাশ না হওয়া পর্যন্ত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষা আয়োজনে স্থাগিতাদেশ দিয়েছিলেন। একই সাথে এইচএসসির সম্পূরক ও পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের আগেই বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নির্দেশিকা (সংযুক্তি-বি) অনুযায়ী পরীক্ষার সময়সূচি প্রকাশ করা কেন বেআইনি ও আইনগত কর্তৃত্ববহির্ভূত হবে না, তা জানতে চেয়ে রুলও জারি করেছিলেন আদালত। হাইকোর্টের ওই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেই আপিল বিভাগে লিভ টু আপিল করে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
ঘটনার প্রেক্ষাপটে রিটকারী আইনজীবী ব্যারিস্টার কামারুন মাহমুদ দীপা জানান, চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য হওয়া প্রায় সাড়ে তিন লাখ শিক্ষার্থী খাতা পুনর্মূল্যায়নের আবেদন জানিয়েছেন। এই বিশাল সংখ্যক আবেদনকারীর সম্পূরক ও পুনর্নিরীক্ষণের ফল আগামী ২৩ ডিসেম্বর প্রকাশের কথা রয়েছে। তবে ফল প্রকাশের আগেই ইউজিসি আগামী ৫ ডিসেম্বর থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোয় ভর্তি পরীক্ষা শুরু করার সূচি ঘোষণা করে। এতে আবেদনকারী সাড়ে ৩ লাখ পরীক্ষার্থীর সুযোগ বঞ্চিত হওয়ার আশঙ্কা দেখা দেওয়ায় হাইকোর্ট আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিতাদেশ দিয়েছিলেন। এইচএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্যদের খাতা পুনর্মূল্যায়ন এবং পুনঃপরীক্ষার ফল আগামী ২৩ ডিসেম্বর প্রকাশিত হওয়ার কথা রয়েছে।
ইতিপূর্বে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ও পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের একটি বৈঠকে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের সার্বিক ভর্তি পরীক্ষা আগামী বছরের ১ ফেব্রুয়ারি এবং আবেদন নেওয়ার প্রক্রিয়া ১ জানুয়ারির পর করার বিষয়ে প্রাথমিক আলোচনা হয়। তবে ইউজিসির সেই আলোচনার পরেও ঢাকা বিশ্ববিদ্যালয় নিজেদের ঘোষিত আগের পূর্বনির্ধারিত সূচিতেই ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত বজায় রাখে। সেখানে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী বছরের ১ ফেব্রুয়ারির পর আয়োজনের সিদ্ধান্তের কথা জানানো হয়। একই সঙ্গে ১ জানুয়ারির পর ভর্তির আবেদন কার্যক্রম শুরুর বিষয়ে আলোচনা হয়।
ঘোষিত সেই সূচি অনুযায়ী আগামী ৫ ডিসেম্বর ২০২৬ তারিখে আইবিএ (IBA) ইউনিটের পরীক্ষার মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার কথা ছিল। আপিল বিভাগের আজকের আদেশের ফলে নির্ধারিত ওই সময়সূচি অনুযায়ী বিশ্ববিদ্যালয়গুলোর পরীক্ষা আয়োজনে কোনো আইনি প্রতিবন্ধকতা রইল না।
আকাশ নিউজ ডেস্ক 
























