বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর ধানমন্ডিতে কিশোর আব্দুল মোতালিব হত্যার ঘটনায় দায়ের করা মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (১৭ নভেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালতে শুনানি শেষে বিচারক এ আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা সাঈদ খোকনকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেছিলেন।
তদন্ত কর্মকর্তা রিমান্ড আবেদনে উল্লেখ করেন, আন্দোলন দমনে অর্থ ও অস্ত্রের জোগানদাতাদের চিহ্নিত করতে সাঈদ খোকনের জিজ্ঞাসাবাদ জরুরি। এছাড়া পলাতক আওয়ামী লীগ নেতাদের অবস্থান শনাক্ত করা, তাদের সাথে যোগাযোগ রক্ষা এবং ভবিষ্যতের নাশকতামূলক পরিকল্পনার বিষয়ে তথ্য সংগ্রহের জন্যও তাকে রিমান্ডে নেওয়া প্রয়োজন। সাঈদ খোকনকে আশ্রয়দাতাদের খুঁজে বের করতেও গোয়েন্দারা কাজ করছেন বলে আবেদনে জানানো হয়।
এর আগে মঙ্গলবার ভোর ৭টার দিকে বারিধারার একটি বাসা থেকে সাঈদ খোকনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছিল। মামলার এজাহার থেকে জানা যায়, ২০২৪ সালের ৪ আগস্ট সন্ধ্যায় জিগাতলা বাসস্ট্যান্ডের পশ্চিম পাশে ব্যাংক এশিয়ার সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলিতে আব্দুল মোতালিব (১৪) নিহত হয়।
এ ঘটনায় নিহতের বাবা আব্দুল মতিন বাদী হয়ে ধানমন্ডি থানায় মামলাটি দায়ের করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৭৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে। সাঈদ খোকন এই মামলার এজাহারভুক্ত ২৯ নম্বর আসামি।
আকাশ নিউজ ডেস্ক 






















