ন্যূনতম ৩০ হাজার টাকা বেতনের দাবিতে গাজীপুরের মৌচাক এলাকায় বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা। রোববার সকাল সাড়ে আটটার দিকে মৌচাক এলাকার অন্তত পাঁচটি কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে নেমে আসেন। তাদের সড়ক অবরোধের ফলে প্রায় আধ ঘণ্টা যান চলাচল বন্ধ হয়ে যায়। শ্রমিকদের সরিয়ে দিতে একপর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে সকাল নয়টার দিকে মহাসড়কে যান চলাচল পুনরায় শুরু হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবিতে সকাল সাড়ে ৮টার দিকে মৌচাক এলাকার ৫টি কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে বিক্ষোভ শুরু করেন। বেতন বাড়ানোর দাবিতে গাজীপুরের মৌচাক এলাকায় আজও মহাসড়কে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকেরা।
শিল্পাঞ্চল পুলিশ-২ এর পুলিশ সুপার আমজাদ হোসাইন জানিয়েছেন, বিক্ষোভের মুখে মালিকপক্ষ আশেপাশের আটটি কারখানায় ছুটি ঘোষণা করতে বাধ্য হয়েছে। এছাড়া ওই এলাকায় অন্যান্য কারখানাগুলোতে সকাল আটটা থেকেই উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রয়েছে। বর্তমানে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শিল্প পুলিশ ও থানা পুলিশের পাশাপাশি বিজিবি, আনসার, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা এলাকায় সতর্ক অবস্থানে রয়েছেন। শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেওয়ার পর পরিস্থিতি বর্তমানে আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে বলে নিশ্চিত করেছেন তিনি।
আকাশ নিউজ ডেস্ক 
























