ভারতের হায়দরাবাদে কংগ্রেসের উদ্যোগে আয়োজিত ‘ভারত সম্মেলন’-এ অংশ নিতে আসা বহু বিদেশী অতিথির ওপর ভিসা বিধিনিষেধ আরোপ করেছে ভারত সরকার। সম্মেলনে যোগ দেওয়ার জন্য ৩১৫ জনকে আমন্ত্রণ জানানো হলেও শেষ পর্যন্ত ১১৫ জন অতিথি ভারত আসতে পারেননি। তেলেঙ্গানার কংগ্রেসদলীয় সংসদ সদস্য ও সংবাদমাধ্যম ইনচার্জ সি কিরণ কুমার রেড্ডি জানান, কেন্দ্রের ভিসা কড়াকড়ির কারণে আমন্ত্রিত অতিথিদের প্রায় ৩০ শতাংশ এই অনুষ্ঠানে অংশ নিতে ব্যর্থ হয়েছেন। সেই কারণে ভারত ও ৭০টি দেশ থেকে মোট ১ হাজার জনকে আমন্ত্রণ জানানো হয়েছে। তেলেঙ্গানার প্রবৃদ্ধি ও উন্নয়নের জন্য এই সম্মেলনে মোট আটটি অধিবেশনের ব্যবস্থা করা হয়েছে।
অনুমতি না পাওয়া অতিথিদের তালিকায় রয়েছেন নরওয়ের নারী সাংবাদিক হেল লং। তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নরওয়ে সফরের সময় তাঁকে একটি ‘অপ্রিয়’ প্রশ্ন করেছিলেন। হায়দরাবাদের এই সম্মেলনে সংবাদপত্রের স্বাধীনতা ও গণমাধ্যমের ভবিষ্যৎ নিয়ে আয়োজিত এক আলোচনায় তাঁর অংশ নেওয়ার কথা ছিল। হেল লং এক ভিডিও বার্তায় জানান, নরওয়ের ভারতীয় দূতাবাস তাঁকে সব ধরনের সহায়তা করেছিল। কিন্তু রাজনৈতিক ছাড়পত্র ও প্রয়োজনীয় ভিসা থাকা সত্ত্বেও শেষ মুহূর্তে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাঁর সফর বাতিল করে দেয়।
তেলেঙ্গানার কংগ্রেসদলীয় মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির উদ্যোগে হায়দরাবাদে এই ‘ভারত সম্মেলন’ আয়োজিত হচ্ছে। এটি এই সম্মেলনের দ্বিতীয় বছর। শুক্রবার সম্মেলন শুরুর পর মুখ্যমন্ত্রী মোদি সরকারের সমালোচনা করে বলেন, বিভিন্ন ধরনের মতপ্রকাশে বিজেপির কেন এত আপত্তি, তা তাঁর বোধগম্য নয়। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, গণতন্ত্রে সবার মতপ্রকাশের অধিকার থাকলেও নরেন্দ্র মোদি নিজেকে একনায়ক ভেবে কণ্ঠরোধ করার চেষ্টা করছেন। তিনি জানান, আগামী ডিসেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া ‘ইনভেস্ট তেলেঙ্গানা গ্লোবাল সামিট’-এর আগে বৈশ্বিক আলোচনার প্ল্যাটফর্ম হিসেবে গ্লোবাল সাউথের জন্য এই আয়োজন করা হয়েছে। এই সম্মেলনেই চুক্তিভিত্তিক কর্মী বা ‘গিগ ওয়ার্কার্স’দের জন্য তেলেঙ্গানা সরকারের নীতি চূড়ান্ত হচ্ছে, যেখানে শনিবার অংশ নেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। নরেন্দ্র মোদি মনে করেন, তিনি একজন একনায়ক, যিনি সব কণ্ঠরোধের অধিকারী।’। বৈশ্বিক আলোচনার জন্য আমরা গ্লোবাল সাউথে একটা প্ল্যাটফর্ম তৈরি করেছি।
কংগ্রেসের সিনিয়র নেতা শশী থারুর সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ কেন্দ্রের এই পদক্ষেপের তীব্র প্রতিবাদ জানান। তিনি উল্লেখ করেন, ৩১৫ জনের মধ্যে ১১৫ জনকে ভিসা দেওয়া হয়নি এবং অনেকের ভিসা শেষ মুহূর্তে বাতিল করা হয়েছে। শশী থারুর বলেন, একটি গর্বিত ও শক্তিশালী গণতন্ত্র যদি এতটাই অনিরাপদ ও ভীত হয়ে পড়ে যে বিরুদ্ধস্বরকে চেপে রাখতে হয়, তবে তা অত্যন্ত লজ্জাজনক। সাবেক কেন্দ্রীয় মন্ত্রী সালমান খুরশিদ বলেন, বৈশ্বিক আলোচনার কেন্দ্র হিসেবে পরিচিত সুইজারল্যান্ডের দাভোসের মতো হায়দরাবাদকেও গ্লোবাল সাউথের অন্যতম কণ্ঠস্বর হিসেবে গড়ে তোলাই তাঁদের লক্ষ্য। পরিবেশ দূষণ, জলবায়ু পরিবর্তন, পরিকাঠামো নির্মাণ ও বিনিয়োগ নিয়ে আলোচনার জন্য ভারতসহ ৭০টি দেশের সহস্রাধিক প্রতিনিধিকে সেখানে আমন্ত্রণ জানানো হয়েছিল।
অন্যদের ভিসা বাতিলের বিষয়ে গত শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে প্রশ্ন করা হলে মুখপাত্র রণধীর জয়সোয়াল জানান, ঠিক কী কারণে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এসব ভিসা বাতিল করেছে, সে বিষয়ে তাঁর কাছে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই। তবে তিনি স্পষ্ট করেন, কাউকে ভিসা দেওয়া বা না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া যেকোনো স্বাধীন দেশের সার্বভৌম অধিকারের অংশ।
অন্যদিকে ক্ষমতাসীন বিজেপি এই সম্মেলন ঘিরে রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হয়েছে। তেলেঙ্গানা রাজ্য বিজেপির সভাপতি রামচন্দ্র রাও এবং কেন্দ্রীয় মন্ত্রী জি কিষান রেড্ডি সম্মেলনটিকে ‘দেশবিরোধী’ সমাবেশ বলে দাবি করেন। তাঁদের অভিযোগ, যাঁরা ভারতের উন্নয়ন চান না এবং পদে পদে দেশের সুনাম ক্ষুণ্ন করেন, তাঁদেরই এখানে এক ছাতার নিচে আনার চেষ্টা চলছে। একই সঙ্গে রাজ্য অর্থনৈতিক সংকটে থাকার পরও এ ধরনের বড় আয়োজনে কোটি কোটি টাকা খরচের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন রামচন্দ্র রাও।
আকাশ নিউজ ডেস্ক 






















