যুক্তরাষ্ট্রজুড়ে বিমান চলাচল বন্ধের ঘটনায় কেবল পুরোনো প্রযুক্তি বা অবকাঠামোকে দায়ী করা যথাযথ নয় বলে মনে করছেন বিমান নিরাপত্তা বিশেষজ্ঞ ডেভিড সুচি। দেশটির কর্মকর্তারা পুরোনো ও অতিরিক্ত চাপের মুখে থাকা প্রযুক্তি ব্যবস্থাকে এই বিপর্যয়ের মূল কারণ হিসেবে চিহ্নিত করার পর তিনি এই মন্তব্য করেন। সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, প্রকৃত চ্যালেঞ্জ হলো বিভিন্ন প্রযুক্তি ব্যবস্থার পারস্পরিক সংযোগ এবং একে অপরের সঙ্গে যোগাযোগের জটিল পদ্ধতি।
যুক্তরাষ্ট্রের পরিবহনমন্ত্রী শন ডাফি এই বিপর্যয়ের জন্য পুরোনো এয়ার ট্রাফিক কন্ট্রোল প্রযুক্তি ও অতিরিক্ত চাপের মুখে থাকা রাউটারকে দায়ী করেছেন। তিনি নিশ্চিত করেছেন যে, ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ) নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চালিত ব্যবস্থার সঙ্গে এই ঘটনার কোনো সম্পর্ক নেই; বরং এতে কেবল পুরোনো প্রযুক্তির সরঞ্জামগুলোই ক্ষতিগ্রস্ত হয়েছে।
বার্তা সংস্থা এপির তথ্যানুযায়ী, কংগ্রেস গত বছর ১২.৫ বিলিয়ন ডলারের তহবিল অনুমোদন করার পর এফএএ প্রযুক্তি ব্যবস্থার ব্যাপক সংস্কার কাজ শুরু করে। এরই অংশ হিসেবে হাজার হাজার তামার তারের বদলে ফাইবার অপটিক লাইন স্থাপন এবং শত শত রেডিও ব্যবস্থা আধুনিকায়ন করা হয়েছে। তবে ডেভিড সুচি সতর্ক করে বলেছেন, পুরোনো তামার তার বদলে নতুন প্রযুক্তি স্থাপন করলে নতুন ধরনের দুর্বলতা দেখা দিতে পারে। তিনি উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে তামার তার ব্যবহারের পেছনে প্রযুক্তিগত নির্দিষ্ট কারণ ছিল।
সুচি বলেন, তামার তার পরিবর্তন বা হ্যাক করা সম্ভব নয়, যা আগের ব্যবস্থাকে স্থিতিশীল রেখেছিল। তিনি আরও যোগ করেন, সবকিছু যদি পুরোপুরি ডিজিটাল বা সম্পূর্ণ নতুন হতো, তাহলেও তামার তারের ক্ষেত্রে আগে যে দুর্বলতা ছিল না, নতুন প্রযুক্তিতে ঠিক সেই জায়গাতেই নতুন কোনো ঝুঁকি তৈরি হতো। বর্তমানে বিমান চলাচলের প্রতিটি ব্যবস্থা একে অপরের ওপর নির্ভরশীল, তাই এদের মৌলিক কাঠামো অত্যন্ত জটিল। এই ব্যবস্থাগুলোর মধ্যে প্রয়োজনীয় সমন্বয় সাধন এবং ঝুঁকিহীন সাইবার নিরাপত্তা নিশ্চিত করা একটি বিশাল পরিকল্পনা ও শ্রমসাধ্য কাজ।
আকাশ নিউজ ডেস্ক 
























