ল্যাপটপ ব্যবহারের সময় চার্জ দ্রুত ফুরিয়ে যাওয়া একটি সাধারণ বিড়ম্বনা। তবে কিছু কৌশল অবলম্বন করলে ব্যাটারির স্থায়িত্ব বাড়ানো ও দীর্ঘমেয়াদী কার্যক্ষমতা বজায় রাখা সম্ভব। আসুসের পরামর্শ অনুযায়ী, সঠিক নিয়ম মেনে চললে ব্যাটারি ব্যাকআপ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পায়।
উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেমে থাকা এনার্জি সেভার মোড চার্জ দ্রুত শেষ হওয়া রোধে কার্যকর ভূমিকা রাখে। ব্যাটারির চার্জ ৩০ শতাংশে নেমে এলে এই মোড স্বয়ংক্রিয়ভাবে সক্রিয় হয়, তবে প্রয়োজনে ব্যবহারকারী নিজের সুবিধামতো ম্যানুয়ালিও এটি চালু রাখতে পারেন। পাওয়ার সেটিংস থেকে ‘বেস্ট পাওয়ার এফিসিয়েন্সি’ অপশনটি নির্বাচন করাও ব্যাটারি সাশ্রয়ে সহায়তা করে।
চার্জ বাঁচানোর জন্য ডিসপ্লের ব্রাইটনেস কমিয়ে রাখা এবং রিফ্রেশ রেট ১২০ হার্জ থেকে ৬০ হার্জে নামিয়ে আনা কার্যকর পদ্ধতি। এছাড়া ডার্ক মোড ব্যবহারের পরামর্শ দেন বিশেষজ্ঞরা; বিশেষ করে ওএলইডি ডিসপ্লেযুক্ত ডিভাইসে এটি ব্যবহার করলে পিক্সেলগুলো বন্ধ থাকায় প্রচুর চার্জ সাশ্রয় হয়।
ল্যাপটপের সাথে যুক্ত অপ্রয়োজনীয় পেরিফেরালস যেমন পেনড্রাইভ, মাউস বা এক্সটার্নাল হার্ডড্রাইভ কাজ শেষে খুলে ফেলা উচিত। ব্যাকগ্রাউন্ডে চলতে থাকা মেমোরি দখলকারী অ্যাপগুলো শনাক্ত করে বন্ধ করা প্রয়োজন। ওয়াই-ফাই বা ব্লুটুথ ব্যবহারের প্রয়োজন না থাকলে অ্যারোপ্লেন মোড চালু রাখা চার্জ ধরে রাখতে সাহায্য করে।
ভারী কাজের ল্যাপটপে ডেডিকেটেড গ্রাফিকসের পরিবর্তে ইন্টিগ্রেটেড জিপিইউ ব্যবহার করলে চার্জের ওপর চাপ কমে। গেমিং ল্যাপটপের ক্ষেত্রে বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে সিপিইউ কোর নিয়ন্ত্রণ করে ব্যাটারি সাশ্রয় করা সম্ভব। তবে সবসময় শতভাগ চার্জে প্লাগড-ইন রাখা ব্যাটারির স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। অ্যাপের মাধ্যমে ‘ব্যাটারি কেয়ার মোড’ চালু করে চার্জ ৮০ শতাংশে সীমাবদ্ধ রাখলে ব্যাটারি দীর্ঘস্থায়ী হয়। সব চেষ্টার পরেও ব্যাটারি দ্রুত শেষ হলে ডায়াগনসিস করে এর সঠিক অবস্থা যাচাই করে নেওয়া জরুরি। টেকবার্তার সঙ্গে যোগাযোগ: [email protected]।
আকাশ নিউজ ডেস্ক 
























