সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার সাতজন কর্মকর্তাকে একযোগে বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে। পুলিশ সদর দপ্তরের পার্সোনাল ম্যানেজমেন্ট-১ শাখা থেকে বুধবার (১১ নভেম্বর) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। আইজিপি আলী হোসেন ফকিরের স্বাক্ষরিত এই নির্দেশনায় কর্মকর্তাদের নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশনা দেয়া হয়েছে। সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে একযোগে বদলি করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, পুলিশ হেডকোয়ার্টার্সের এএসপি মো. ইকরামুল আহাদকে অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি), যশোরের মণিরামপুর সার্কেলের এএসপি ইমদাদুল হককে ঢাকা পুলিশ স্টাফ কলেজে এবং পুলিশ হেডকোয়ার্টার্সের এএসপি রাজু আহমেদকে ঢাকা এসবির সহকারী পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে। এছাড়া এসআরবির এএসপি মো. আলী আর্শাদকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহকারী পুলিশ কমিশনার পদে বদলি করা হয়েছে।
তালিকায় থাকা অন্য কর্মকর্তাদের মধ্যে হাইওয়ে পুলিশের এএসপি মো. দেলোয়ার হোসেনকে টাঙ্গাইল পিটিসিতে এবং একই ইউনিটের এএসপি মো. বদিউল আমীন চৌধুরীকে এপিবিএনের সহকারী পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে। এছাড়াও রাজশাহীর চারঘাট সার্কেলের এএসপি মো. খালেদ হোসেনকে রাজশাহী আরএমপির সহকারী পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।
নির্দেশনা অনুযায়ী, বদলিকৃত কর্মকর্তাদের আগামী ২১ নভেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার অর্পণ করতে হবে। অন্যথায়, ২২ নভেম্বর থেকে তারা নিজ নিজ কর্মস্থল থেকে তাৎক্ষণিক অবমুক্ত বা স্ট্যান্ড রিলিজ হিসেবে গণ্য হবেন। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই আদেশ কার্যকর থাকবে বলে পুলিশ সদর দপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 
























