কাতারে আনুষ্ঠানিক সরকারি সফরে আসা ব্রুনাই দারুস সালামের ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রধান মন্ত্রী হিজ রয়্যাল হাইনেস প্রিন্স আল-মুহতাদী বিল্লাহকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন কাতারের আমীর হিজ হাইনেস শেখ তামিম বিন হামাদ আল-থানী। আজ সকালে আমীরি দেওয়ানের শেখ আবদুল্লাহ বিন জাসিম মজলিসে এই উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকের সূচনায় ব্রুনাইয়ের সুলতান হাসান বলকিয়াহর পক্ষ থেকে কাতারের আমীরকে উষ্ণ শুভেচ্ছা পৌঁছে দেন ক্রাউন প্রিন্স। এ সময় তিনি কাতারের জনগণের উত্তরোত্তর উন্নতি ও শুভকামনা জানান। এর জবাবে কাতারের আমীরও ব্রুনাইয়ের সুলতানের সুস্বাস্থ্য এবং দেশটির নাগরিকদের অব্যাহত অগ্রগতি ও কল্যাণ কামনা করেন।
দ্বিপক্ষীয় এই বৈঠকে কাতার ও ব্রুনাইয়ের মধ্যকার বিদ্যমান সুসম্পর্ক পর্যালোচনা করা হয়। একই সঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে দুই দেশের অংশীদারিত্ব কীভাবে আরও সুদৃঢ় ও বিস্তৃত করা যায়, তা নিয়ে সবিস্তারে আলোচনা অনুষ্ঠিত হয়। এছাড়া পারস্পরিক স্বার্থজড়িত একাধিক আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যু নিয়েও উভয় নেতা মতবিনিময় করেন।
উচ্চপর্যায়ের এ আলোচনা ও অভ্যর্থনা অনুষ্ঠানে কাতারের উপ-আমীর হিজ হাইনেস শেখ আবদুল্লাহ বিন হামাদ আল-থানী এবং আমীরি দেওয়ানের চেয়ারম্যান হিজ এক্সিলেন্সি আবদুল্লাহ বিন মোহাম্মদ আল-খুলাইফিসহ দেশটির সরকারের বেশ কয়েকজন মন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন। অন্যদিকে, ব্রুনাইয়ের ক্রাউন প্রিন্সের সফরসঙ্গী হিসেবে আসা প্রতিনিধি দলের সদস্যরাও বৈঠকে অংশগ্রহণ করেন।
আকাশ নিউজ ডেস্ক 























