শ্রমিকদের চলমান আন্দোলন যৌক্তিক উল্লেখ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম বলেছেন, কোনো ন্যায্য আন্দোলনকে ষড়যন্ত্র হিসেবে আখ্যায়িত করে পার পাওয়া যাবে না। তিনি দাবি করেন, সরকারের সঠিক ও কার্যকর পরিকল্পনার অভাবই শ্রমিকদের এই পরিস্থিতির দিকে ঠেলে দিয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) পাবনা জেলা শাখার আয়োজনে সাংগঠনিক অগ্রগতি পর্যালোচনা ও স্থানীয় নির্বাচনকেন্দ্রিক এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
নাহিদ ইসলাম হুঁশিয়ারি দিয়ে বলেন, আন্দোলনের ভেতর ফ্যাসিস্টরা ঢুকে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে তার দায়ভার সরকারকেই বহন করতে হবে। এটি সরকারের গোয়েন্দা সংস্থার ব্যর্থতা ছাড়া আর কিছুই নয়। অথচ বিরোধী দল দমনে গোয়েন্দা শক্তিকে নিপুণভাবে ব্যবহার করা হচ্ছে। তিনি অভিযোগ করেন, যারা দেশের শত্রু এবং জনগণকে হত্যা করে বিদেশে পালিয়ে বেড়াচ্ছে, তাদের সম্পর্কে কোনো গোয়েন্দা তথ্য আজ পর্যন্ত সরকার জাতির সামনে প্রকাশ করেনি। কারণ এটা সরকারের গোয়েন্দা তৎপরতার ব্যর্থতা।
অন্তর্বর্তীকালীন সরকার এ পর্যন্ত পাঁচ শতাধিক আন্দোলন মোকাবিলা করেছে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, সরকারের ওপর জনগণের আস্থা না থাকলে আন্দোলন থামানো কঠিন। ৭০ শতাংশ ভোটারের রায়ের সঙ্গে সরকার বিশ্বাসঘাতকতা করেছে এবং নির্বাচনের আগে দেওয়া ইশতেহারের সব প্রতিশ্রুতি ভঙ্গ করেছে বলে তিনি দাবি করেন।
এলপিজি গ্যাসের লাগামহীন মূল্যবৃদ্ধি নিয়ে উদ্বেগ জানিয়ে তিনি বলেন, গত মঙ্গলবার আবারও সিলিন্ডার গ্যাসের দাম বাড়ানো হয়েছে। যেখানে আগে ১৮০০ টাকায় পাওয়া যেত, সেখানে খোলাবাজারে এখন ২৫০০ টাকায় বিক্রি হচ্ছে। ভবিষ্যতে এই দাম আরও বাড়ার আশঙ্কা রয়েছে। জনগণের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, রাজপথেই এই সরকারকে জবাব দিতে হবে, তাই সবাইকে সোচ্চার হতে হবে। আগে যখন ১৮০০ টাকা ছিল খোলাবাজারে ২৫০০ টাকায় বিক্রি হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 
























