ভারতের চেন্নাই থেকে কুয়ালালামপুরগামী মালয়েশিয়া এয়ারলাইনসের ফ্লাইট এমএইচ১৮১-এ বড় ধরনের যান্ত্রিক জটিলতা দেখা দিয়েছে। গত ১১ অক্টোবর রাত ১১টা ৫৫ মিনিটে ফ্লাইটটি ছেড়ে যাওয়ার কথা থাকলেও জরুরি অক্সিজেন সরবরাহব্যবস্থায় ঘাটতির কারণে এর যাত্রা আড়াই ঘণ্টা পিছিয়ে যায়। পরিস্থিতির কারণে উড়োজাহাজটিতে ১৭৮ জন যাত্রীর ভ্রমণের কথা থাকলেও শেষ পর্যন্ত ১০০ জন যাত্রীকে নিয়ে ১২ অক্টোবর রাত ২টা ২০ মিনিটে ফ্লাইটটি চেন্নাই ত্যাগ করে। অর্থাৎ ৭৮ জন যাত্রী বিমানে ওঠার সুযোগ থেকে বঞ্চিত হন। বাকি ৭৮ জনকে বিমানে উঠতে দেওয়া হয়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে, উড়োজাহাজের জরুরি অক্সিজেন সরবরাহব্যবস্থায় সমস্যার কারণেই নিরাপত্তার স্বার্থে যাত্রীসংখ্যা কমিয়ে আনা হয়েছিল। যদিও মালয়েশিয়া এয়ারলাইনস আনুষ্ঠানিকভাবে ফ্লাইটের এই ত্রুটি সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি। বিমান চলাচল বিশেষজ্ঞদের মতে, কেবিনের ওপরে থাকা অক্সিজেন মাস্ক বা এর অভ্যন্তরীণ রাসায়নিক উৎপাদন ব্যবস্থায় কোনো সমস্যা থাকলে নিরাপত্তার খাতিরে সংশ্লিষ্ট আসনগুলো ব্যবহারের অনুপযোগী ঘোষণা করা হয়, যার ফলে যাত্রী বহনের সংখ্যা সীমিত করার প্রয়োজন পড়ে। এসব মাস্ক টেনে নামালে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে অক্সিজেন উৎপন্ন হয়।
এই দীর্ঘ বিলম্বের সময় যাত্রীদের চরম ভোগান্তির শিকার হতে হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এক যাত্রী অভিযোগ করে জানিয়েছেন, তাদের ছয় ঘণ্টারও বেশি সময় বিমানবন্দরে অপেক্ষা করতে হয়েছে। এ সময় পর্যাপ্ত পানীয় সরবরাহ করা হয়নি এবং ফ্লাইটের বর্তমান অবস্থা সম্পর্কে এয়ারলাইনস কর্মীদের কাছ থেকেও কোনো স্পষ্ট ও সন্তোষজনক উত্তর পাওয়া যায়নি। যাত্রীদের অভিযোগ, পরিস্থিতি সম্পর্কে যথাযথ তথ্য না দেওয়ায় তারা অনিশ্চয়তার মধ্যে পড়েছিলেন। দীর্ঘ সময় অপেক্ষা করেও যথাসময়ে গন্তব্যে যেতে না পারায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
পরবর্তী সময়ে মালয়েশিয়া এয়ারলাইনস তাদের ভুলের জন্য ক্ষমা চেয়েছে। সংস্থাটি স্বীকার করেছে যে, দীর্ঘ বিলম্ব, অনিশ্চয়তা এবং সময়মতো তথ্য না পাওয়ার ফলে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়েছে। বিশেষ করে যেসব যাত্রীর পরবর্তী সংযোগকারী ফ্লাইট ছিল, তাদের ভোগান্তির বিষয়টি এয়ারলাইনস কর্তৃপক্ষ গুরুত্বের সাথে উল্লেখ করেছে। চেন্নাই বিমানবন্দর সূত্র জানিয়েছে, যারা এই ফ্লাইটে উঠতে পারেননি, তাদের গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য এয়ারলাইনসের পক্ষ থেকে বিকল্প ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 




















