সৌদি আরবের রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে চলমান অস্থিরতা ও হামলার পরিপ্রেক্ষিতে ঢাকা থেকে রিয়াদ ও দাম্মামগামী সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে রাষ্ট্রীয় পতাকাবাহী এ সংস্থাটি যাত্রীদের নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়ার কথা জানায়। তবে স্থগিত ফ্লাইটের নতুন সময়সূচি ও পরবর্তী করণীয় বিষয়ে যথাসময়ে অবহিত করা হবে বলে জানানো হয়েছে। রিয়াদে বিমানবন্দরে হামলার পর ফ্লাইট চলাচল ব্যাহত হওয়ায় ঢাকা থেকে দেশটিতে যাতায়াতকারী যাত্রীরা অনিশ্চয়তায় পড়েছেন।
জরুরি প্রয়োজনে সৌদি আরব গমনেচ্ছু যাত্রীদের জেদ্দা ও মদিনা আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহারের পরামর্শ দিয়েছে বিমান। এ বিষয়ে বিস্তারিত তথ্য ও টিকিট পরিবর্তনের জন্য বিমানের নিকটস্থ বিক্রয়কেন্দ্রে যোগাযোগ করতে বলা হয়েছে। এর আগে সোমবার শুধুমাত্র রিয়াদগামী ফ্লাইট স্থগিত থাকলেও এবার দাম্মামগামী ফ্লাইটগুলোও এর আওতায় আনা হলো। এদিকে বেসরকারি উড়োজাহাজ সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইনসও ২১ অক্টোবর পর্যন্ত ঢাকা–রিয়াদ–ঢাকা রুটের সব ফ্লাইট বাতিল করেছে।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) তথ্য অনুযায়ী, রিয়াদে হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলার ফলে এ পর্যন্ত ৮২টি ফ্লাইট চলাচলে বিঘ্ন ঘটেছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় ১৩ হাজার ৭১ জন যাত্রী। এই তালিকায় রিয়াদ এয়ারওয়েজের যাত্রীদের হিসাব অন্তর্ভুক্ত হয়নি। বেবিচকের হিসাবমতে, ৮২টি ফ্লাইটের মধ্যে সরাসরি চলাচলকারী ফ্লাইট রয়েছে ৩২টি এবং ট্রানজিট ফ্লাইট ৫০টি। সরাসরি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১০টি, ইউএস-বাংলার ১০টি, সৌদিয়া এয়ারলাইনসের ৫টি ও রিয়াদ এয়ারওয়েজের ৭টি ফ্লাইট রয়েছে। টানা তৃতীয় দিনের মতো রিয়াদ লক্ষ্য করে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা।
ট্রানজিট ফ্লাইটের ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে ইন্ডিগো এয়ারলাইনসের ২২টি ফ্লাইটে। এছাড়া এমিরেটসের ১১টি, কাতার এয়ারওয়েজের ৬টি, ফ্লাই দুবাইয়ের ৬টি, সালাম এয়ারের ৪টি ও ইজিপ্ট এয়ারের একটি ফ্লাইট বন্ধ বা স্থগিত হয়েছে। মধ্যপ্রাচ্যের সংঘাতপূর্ণ পরিস্থিতির মধ্যে গত কয়েক দিনে রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে বারবার হামলার ঘটনা ঘটেছে। সর্বশেষ গত শনিবারের প্রাণঘাতী হামলায় দুই বাংলাদেশি কর্মীসহ অন্তত ১৩ জন নিহত হয়েছেন এবং একজন বাংলাদেশির অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। এই হামলার পর থেকেই ঢাকা থেকে রিয়াদগামী আকাশপথের যোগাযোগ চরম অনিশ্চয়তার মুখে পড়েছে, যা সৌদি আরবে প্রবাসী কর্মীদের কর্মসংস্থানেও নেতিবাচক প্রভাব ফেলছে।
আকাশ নিউজ ডেস্ক 




















