নাটকের চিত্রগ্রহণের সময় বড় ধরনের দুর্ঘটনার মুখোমুখি হয়েছেন অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী। হাসপাতালের শয্যায় দৃশ্য ধারণের কাজ করার সময় ক্যামেরাসহ চিত্রগ্রাহক সরাসরি তাঁর মুখের ওপর পড়ে যান। এতে তিনি নাকে মারাত্মক চোট পেয়েছেন। পরে চিকিৎসকের কাছে নেওয়া হলে এক্স-রে করানো হয় এবং বর্তমানে ওষুধ সেবন করছেন তিনি। আঘাতের কারণে তাঁর নাক ফুলে গেলেও কাজ থামাননি এই অভিনেত্রী।
গত সোমবার (১২ অক্টোবর) রাজধানীর মহাখালীতে অবস্থিত জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে নাটকটির দৃশ্য ধারণের কাজ চলছিল। পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিজেই প্রকাশ্যে আনেন উর্বী। দুর্ঘটনার সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা স্মরণ করে তিনি লিখেছেন, “গতকাল শুটিংয়ে আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। সত্যি বলতে, অভিজ্ঞতাটা ছিল ভয়ংকর!”
ঘটনার বিবরণ দিয়ে উর্বী জানান, সংলাপহীন একটি দৃশ্যের শুটিং চলছিল। শয্যায় শুয়ে থাকা অবস্থায় কয়েকজন তাকে ঠেলে একটি কক্ষে নিয়ে যাচ্ছিলেন। ক্লোজ শট বা দৃশ্য ধারণের সুবিধার জন্য চিত্রগ্রাহক বেডের ওপর দাঁড়িয়ে মুখের সামনে ক্যামেরা ধরেন। হঠাৎ চলন্ত শয্যায় ঝাঁকুনি লাগলে ভারসাম্য রক্ষা করতে না পেরে চিত্রগ্রাহক ক্যামেরাসহ সোজা উর্বীর মুখের ওপর আছড়ে পড়েন।
আকস্মিক এই ধাক্কায় সাময়িকভাবে বাকরুদ্ধ ও দৃষ্টিহীন হয়ে পড়েন অভিনেত্রী। অসহ্য ব্যথার বর্ণনা দিয়ে তিনি বলেন, “এক মুহূর্তের জন্য আমি কিছু দেখতে পাচ্ছিলাম না, কথা বলতে পারছিলাম না। ব্যথাটা ছিল অসহ্য!” তবে বড় কোনো বড় অঘটন থেকে রক্ষা পাওয়ায় তিনি সৃষ্টিকর্তার প্রতি কৃপাদৃষ্টি ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
এই অনিচ্ছাকৃত ঘটনা নিয়ে উর্বী স্পষ্ট জানান, এতে কারো অবহেলা বা দোষ ছিল না। সবাই নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করার চেষ্টা করছিলেন। এটিকে একটি দুর্ঘটনা হিসেবে উল্লেখ করে তিনি জানান, শারীরিক যন্ত্রণা সত্ত্বেও তিনি শুটিংয়ের কাজ চালিয়ে যাচ্ছেন। একই সঙ্গে দ্রুত সুস্থতার জন্য ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া চেয়েছেন।
আকাশ নিউজ ডেস্ক 














