আকাশ নিউজ ডেস্ক:
বাংলা চলচ্চিত্রে দীর্ঘ কয়েক দশকের অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে বরেণ্য অভিনেতা আহমেদ শরীফকে নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভালের পক্ষ থেকে ‘আজীবন সম্মাননা স্মারক’ প্রদান করা হয়েছে। রবিবার(২ আগস্ট) স্থানীয় সময় নিউইয়র্কের জ্যামাইকা পারফর্মিং আর্ট সেন্টারে বাংলা চলচ্চিত্রের ৭০ বছর পূর্তির চার দিনব্যাপী বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানে এই সম্মাননা তুলে দেওয়া হয়।
প্রিয়জন ফিল্মস ও লেমন স্টুডিওর যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে। উৎসবের প্রথম তিন দিনে বাংলাদেশ ও উত্তর আমেরিকার নির্মাতাদের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, তথ্যচিত্র এবং পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শিত হয়। সমাপনী দিনে ছিল বর্ণাঢ্য রেড কার্পেট, মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা এবং পুরস্কার বিতরণী পর্ব। এতে অংশ নেন জনপ্রিয় চিত্রনায়ক জায়েদ খান, কাজী মারুফ, ইমন, সজল, চিত্রনায়িকা বিন্দু এবং জনপ্রিয় সংগীতশিল্পী প্রতিক হাসান। প্রিয় তারকাদের সামনে থেকে দেখতে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন প্রবাসীরা।
এবারের উৎসবে ২০২৩ থেকে ২০২৫ সালের সেরা চলচ্চিত্র, নির্মাতা, অভিনয়শিল্পী ও কলাকুশলীদের বিভিন্ন বিভাগে সম্মাননা প্রদান করা হয়। প্রিয়তমা সিনেমায় অসামান্য অভিনয়ের জন্য ‘সেরা অভিনেতা’ হিসেবে নির্বাচিত হয়েছেন শাকিব খান। দেয়ালের দেশ চলচ্চিত্রে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী নির্বাচিত হয়েছেন শবনম বুবলী এবং ‘১৯৭১ সেই সব দিন’ নির্মাণের জন্য ‘সেরা পরিচালক’র অ্যাওয়ার্ড পেয়েছেন হৃদি হক।
একাত্তরের মুক্তিযুদ্ধের সমর্থনে আন্তর্জাতিক জনমত গঠনের পাশাপাশি শরণার্থীদের জন্যে তহবিল সংগ্রহের একটি কনসার্ট হয়েছিল নিউইয়র্কে সেডিসন স্কোয়ার গার্ডেনে। ‘কনসার্ট ফর বাংলাদেশ’র আলোকে শামিম আল আমিন নির্মিত ‘একটি দেশের জন্যে গান’ পেয়েছে ‘শ্রেষ্ঠ প্রামাণ্য চলচ্চিত্র’র অ্যাওয়ার্ড।
এছাড়া আরও পুরস্কৃত হয়েছেন ‘সেরা পার্শ অভিনেতা’ চঞ্চল চৌধুরী (তুফান), ‘সেরা পার্শ অভিনেত্রী’ সানজিদা প্রীতি (১৯৭১ সেইসব দিন), ‘শ্রেষ্ঠ ওয়েব ফিল্ম’ হিসেবে ‘কাছের মানুষ দূরে থুইয়া’র পরিচালক শিহাব শাহীন, ‘সেরা অভিনেতা’(ওয়েব ফিল্ম) মামুনুন ইমন (মায়া), ‘সেরা অভিনেত্রী’ (ওয়েব ফিল্ম) আফসান আরা বিন্দু (উনিশ ২০), ‘শ্রেষ্ঠ শিশুশিল্পী’ কাজী আরিশা (গ্রীন কার্ড) ও নৈঋতা হাসিন রৌদ্রময়ী (জংলী), ‘শ্রেষ্ঠ গায়ক’ বালাম (প্রিয়তমা ও প্রিয়তমা) ও প্রীতম হাসান (লাগে উড়া ধুরা- তুফান), ‘শ্রেষ্ঠ গায়িকা’ অবন্তি সিঁথি (সুড়ঙ্গ- গা ছুঁয়ে বলো), ‘শ্রেষ্ঠ কহিনিকার’ ড. ইনামুল হক (১৯৭১ সেই সব দিন), ‘শ্রেষ্ঠ চিত্রনাট্যকার’ নাজিম উদদৌলা ও রাহয়ান রাফী (সুড়ঙ্গ), ‘শ্রেষ্ঠ চিত্রগ্রাহক’ সুমন সরকার (সুড়ঙ্গ) ও সাহেল রনি (দেয়ালের দেশ), ‘শ্রেষ্ঠ সম্পাদক’ সিমিত রায় অন্তর (সুড়ঙ্গ), কামরুজ্জামান রনি (১৯৭১- সেই সব দিন), ‘শ্রেষ্ঠ শব্দগ্রাহক’ রিপন নাথ (তুফান), ‘শ্রেষ্ঠ গীতিকার’ আসিফ ইকবাল (মেঘের নৌকা- প্রহেলিকা) ও সোমেশ্বর অলি (ঈশ্বর- প্রিয়তমা), ‘শ্রেষ্ঠ সুরকার’ প্রিন্স মাহমুদ (ঈশ্বর- প্রিয়তমা), ‘শ্রেষ্ঠ সংগীত পরিচালক’ ইমন সাহা (প্রহেলিকা), ‘শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র’ লস্ট।
আকাশ নিউজ ডেস্ক 
























