আকাশ আন্তর্জাতিক ডেস্ক :
জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক ওয়াল্টজ বলেছেন, আমাদের সেনাবাহিনী সম্পূর্ণ ‘প্রস্তুত ও সজ্জিত’ রয়েছে। তবে কূটনৈতিক আলোচনার জন্য ইরানকে ‘কিছুটা সময়’ দিচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রবিবার এক সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন তিনি।
মার্কিন সম্প্রচারমাধ্যম এনবিসি-র ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে ওয়াল্টজ বলেন, প্রেসিডেন্ট এখন আলোচনাকে কিছুটা জায়গা করে দিচ্ছেন। কারিগরি পর্যায় থেকে শুরু করে সর্বোচ্চ স্তর পর্যন্ত এই আলোচনা চলমান। ফক্স নিউজকে দেওয়া অপর এক সাক্ষাৎকারে তিনি জানান, বিশেষ করে গত কয়েকদিনে এই কূটনৈতিক প্রচেষ্টা ব্যাপকভাবে জোরদার করা হয়েছে।
তবে আলোচনার পথ খোলা রাখলেও প্রয়োজনে যেকোনো বিকল্প পদক্ষেপ নেওয়ার পথ মার্কিন প্রেসিডেন্ট খোলা রেখেছেন বলে স্মরণ করিয়ে দেন এই শীর্ষ কর্মকর্তা। এছাড়া, ইরানের অভ্যন্তরীণ কোন্দলের কারণে তাদের সাথে আলোচনা বেশ চ্যালেঞ্জিং হয়ে পড়েছে বলেও দাবি করেন ওয়াল্টজ।
এদিকে, সম্ভাব্য যুদ্ধের ডামাডোলের মধ্যে মার্কিন অস্ত্রভাণ্ডারে ঘাটতির বিষয়টিও সামনে এসেছে। সিএনএন-এর প্রতিবেদনে বলা হয়, শুক্রবার হোয়াইট হাউসের এক বৈঠকে মার্কিন বাহিনীর জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন অস্ত্রের মজুত নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
অনুষ্ঠানের উপস্থাপকের এক প্রশ্নের জবাবে ওয়াল্টজ স্বীকার করেন যে, মার্কিন অস্ত্রের মজুত অনেকটাই কমে গেছে। ইউক্রেনকে সহায়তা দেওয়া এবং পূর্ববর্তী প্রশাসনের রেখে যাওয়া অবস্থাকেই এই ঘাটতির জন্য দায়ী করেন তিনি। তবে ওয়াল্টজ জোর দিয়ে বলেন, বর্তমান পরিস্থিতি কার্যকরভাবে মোকাবিলা করার জন্য মার্কিন সেনাবাহিনীর কাছে প্রয়োজনীয় সব সক্ষমতাই মজুত রয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 


















