আকাশ জাতীয় ডেস্ক:
চট্টগ্রামে পৃথক দুটি ঘটনায় সেপটিক ট্যাংকে নেমে চারজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ জুন) নগরীর ধনিয়ালাপাড়া ও রাউজান উপজেলায় এসব দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ঝিকুটি পাড়ায় রতন ডাক্তারের নির্মাণাধীন বাড়ির সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে দুই নির্মাণশ্রমিকের মৃত্যু হয়। নিহতরা হলেন রাউজানের কচুখাইন এলাকার প্রদীপ দাশ এবং বোয়ালখালীর কদুরখিল এলাকার সমীরণ দাশ।
জানা গেছে, শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে প্রদীপ দাশ প্রথমে সেপটিক ট্যাংকে নামেন। দীর্ঘদিন বন্ধ থাকা ট্যাংকে জমে থাকা বিষাক্ত গ্যাসে তিনি অসুস্থ হয়ে পড়েন। তাকে উদ্ধারের জন্য সমীরণ দাশ ট্যাংকে নামলে তিনিও গ্যাসে আক্রান্ত হয়ে অচেতন হয়ে যান। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
রাউজানের নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির ওসি মো. আনিসুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে পথেরহাটের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক প্রদীপ দাশ ও সমীরণ দাশকে মৃত ঘোষণা করেন। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
অন্যদিকে, একই দিন দুপুরে নগরীর ধনিয়ালাপাড়া এলাকার লাকী ম্যানশনে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে আরও দুই শ্রমিকের মৃত্যু হয়। নিহতদের একজনের নাম সাকিব। অপরজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পৃথক দুই ঘটনায় মোট চারজনের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আকাশ নিউজ ডেস্ক 


















