আকাশ স্পোর্টস ডেস্ক :
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছেন নিউজিল্যান্ডের কিংবদন্তি ব্যাটার কেন উইলিয়ামসন। ইংল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্ট দিয়ে প্রায় ১৬ বছরের আন্তর্জাতিক ক্রিকেটের ইতি টানবেন তিনি। সিরিজের বাকি অংশে খেলবেন না ৩৫ বছর বয়সী এই ব্যাটার।
অবসরের ঘোষণা দিয়ে এক বার্তায় কিউই তারকা বলেছেন, ‘অনেকদিন ধরেই অবসর নিয়ে ভাবছিলাম। কিন্তু গত কয়েকদিনে আমি নিশ্চিত হয়ে গেছি, শেষ করার এটাই সঠিক সময়। আমি সব সময় আন্তর্জাতিক ক্রিকেটের জন্য ক্ষুধার্ত ছিলাম এবং দলের হয়ে খেলা প্রতিটি ম্যাচে সর্বোচ্চটা উজাড় করে খেলেছি।’
২০১০ সালে ১৯ বছর বয়সে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট শুরু করেছিলেন উইলিয়ামসন। পরের বছর টেস্ট ও টি-২০ অভিষেক হয় তার। তিন ফরম্যাট মিলিয়ে ৩৭৮ ম্যাচ খেলেছেন তিনি। অভিষেকের পর জাতীয় দল থেকে বাদ পড়েননি। তবু আরও বেশি ম্যাচ খেলতে না পারার কারণ, গত প্রায় ৫-৭ বছর ইনজুরির সঙ্গে লড়াই করছিলেন তিনি। ৪৮ সেঞ্চুরিতে ১৯ হাজার ৩৪৬ রান করেছেন এই ডানহাতি ব্যাটার।
কেন উইলিয়ামসনের অবসর নিয়ে দলটির কোচ রব ওয়ালটার বলেছেন, ‘সে দলের জন্য বিশেষ ক্রিকেটার ছিলেন। তার চলে যাওয়ায় আমরা হতাশ। তবে এটা জেনে খুশি যে, সে ঠান্ডা মাথায় নিজের ক্যারিয়ার নিয়ে সিদ্ধান্তে আসতে পেরেছে।’ রিচার্ড হ্যাডলিও প্রশংসায় ভাসিয়েছেন তাকে, ‘উইলিয়ামসন খেলোয়াড় ও নেতা হিসেবে অসাধারণ ছিল। তার সময়ের অন্যতম সেরা একজন হিসেবেই অবসর নিয়েছে।’
আকাশ নিউজ ডেস্ক 


















