আকাশ আন্তর্জাতিক ডেস্ক :
ইউক্রেনের সঙ্গে যুদ্ধ শেষের পথে বলে এক বক্তব্যে ইঙ্গিত দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যদিও এই মন্তব্যের কয়েক ঘণ্টা আগে বিজয় দিবসের প্যারেডে তিনি কিয়েভকে পরাজিত করার অঙ্গীকার করেছেন।
মস্কোর স্থানীয় সময় শনিবার সাংবাদিকদের পুতিন বলেন, ‘আমার মনে হচ্ছে বিষয়টি এখন শেষের দিক এগোচ্ছে।’ এ সময় তিনি উল্লেখ করেন, ইউরোপের জন্য নতুন নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলোচনা করতে আগ্রহী। সেক্ষেত্রে মধ্যস্থতাকারী হিসেবে জার্মানির সাবেক চ্যান্সেলর গেরহার্ড শ্রোডার তাঁর পছন্দের ব্যক্তি।
রাশিয়ার বিজয় দিবস উপলক্ষে ইউক্রেনের সঙ্গে তিনদিনের যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে। কিন্তু উভয়পক্ষই অস্ত্রবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে। এমন সময়ে পুতিন যুদ্ধ শেষ করার ইঙ্গিত দিয়ে কথা বললেন।
কিয়েভকে পশ্চিমাদের সমর্থন দেওয়ার সমালোচনা করে পুতিন বলেন, তারা (পশ্চিমারা) রাশিয়ার সঙ্গে সংঘাত বাড়িয়ে চলেছে। এটি আজও অব্যাহত। রাশিয়ার শোচনীয় পরাজয় দেখার জন্য তারা মাসের পর মাস অপেক্ষা করেছিল। চেয়েছিল রাষ্ট্রীয় কাঠামো ভেঙে পড়ুক। কিন্তু তাদের সেই পরিকল্পনা সফল হয়নি। উল্টো তারা এখন এমন এক গর্তে আটকে গেছে যেখান থেকে বের হতে পারছে না।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে দেখা করার বিষয়ে পুতিন তাঁর আগের শর্তেই অনড় আছেন। তিনি জানান, সম্ভাব্য শান্তি চুক্তির সব শর্ত চূড়ান্ত হওয়ার পরই কেবল তিনি বৈঠকে বসতে রাজি। তাঁর ভাষায়, এই বৈঠক হওয়া উচিত একদম শেষ ধাপে, আলোচনার শুরুতে নয়।
আকাশ নিউজ ডেস্ক 


















