রাজধানীর পল্টন এলাকা থেকে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ২৬ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক জাভেদ দিদারকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়ার আগে আওয়ামী লীগের এই নেতাকে সেদ্ধ ডিম, পানি ও কফি আপ্যায়ন করা হয়।
ঘটনার সময়ের একটি ভিডিও চিত্রে দেখা যায়, রাতে নেতাকর্মীদের সাথে নিয়ে জাভেদ দিদারকে আটক করেন যুবদল নেতা নয়ন। আটকের পর তাঁর পরিচয় ও পল্টনে অবস্থানের কারণ জানতে চাওয়া হয়। জাভেদ দিদার ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের লালবাগ থানার ২৬ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক হিসেবে নিজের পরিচয় নিশ্চিত করেন। একপর্যায়ে নয়ন তাকে ডিম খেতে দিলে তিনি প্রথমে তা নিতে অস্বীকৃতি জানান। তখন নয়ন ‘আপনিও খান, আমিও খাই’ বলে নিজেও ডিম খান এবং তাকেও দুটি সেদ্ধ ডিম খাওয়ান। ডিম খাওয়া শেষে সহযোগীদের কাছ থেকে পানির বোতল এনে তাকে দেওয়া হয়।
ভিডিওতে জাভেদ দিদারকে সঙ্গে নিয়ে হেঁটে যাওয়ার সময় নয়নকে বলতে শোনা যায়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমনকে কেন্দ্র করে গুলিস্তান এলাকায় নাশকতার পরিকল্পনা করছিলেন এই আওয়ামী লীগ নেতা। সে কারণেই তাকে ধরা হয়েছে। শারীরিকভাবে শক্তি পাওয়ার জন্যই তাকে দুটো ডিম ও পানি দেওয়া হয়েছে বলে জানান তিনি। এ সময় উপস্থিত যুবদল কর্মীরা ‘লীগ ধর, জেলে ভর’ এবং ‘কিসের আবার ডিসেম্বর, লীগ ধরে জেলে ভর’ বলে স্লোগান দিতে থাকেন। নয়ন হুঁশিয়ারি দিয়ে বলেন, ঢাকা মহানগর দক্ষিণের ভেতরে যে লোকই স্বৈরাচারের দোসর হয়ে নাশকতার চেষ্টা করবে, তাকে কোনো ছাড় দেওয়া হবে না। এ সময় তার সঙ্গে থাকা একজন একটি ডিম নয়নের দিকে এগিয়ে দেন। যাতে উনার শক্তি হয়, এ জন্য দুইটা ডিম খাওয়াইছি।
পরবর্তী সময়ে আওয়ামী লীগের ওই নেতাকে পাশের একটি কফিশপে নিয়ে যাওয়া হয়। সেখানে চেয়ারে বসিয়ে তাকে কফি খাওয়ান এবং নিজের হাতেও খাইয়ে দেন নয়ন। এ সময় অতীতে আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপি ও যুবদল নেতাকর্মীদের ওপর চালানো নির্যাতন ও গ্রেপ্তারের স্মৃতি তুলে ধরেন তিনি। যুবদলের এই নেতা জানান, তৎকালীন সরকারের সময়ে তিনি একটানা ৭৭ দিন পুলিশি রিমান্ডে ছিলেন।
কফিশপে অবস্থানকালে আটক ব্যক্তির উদ্দেশ্যে নয়ন বলেন, ভয় পাওয়ার কিছু নেই। পরবর্তীতে পুলিশের টিম ঘটনাস্থলে পৌঁছালে জাভেদ দিদারের ব্যবহৃত মুঠোফোনটি পুলিশের হাতে বুঝিয়ে দেওয়া হয়। এরপর কফিশপ থেকে বের করে আওয়ামী লীগের এই ওয়ার্ড নেতাকে পুলিশের একটি গাড়িতে তুলে দেওয়া হলে তারা তাকে থানায় নিয়ে যান। পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, আওয়ামী লীগ নেতা পরিচয়ে আটকের পর জাভেদ দিদারকে থানা হেফাজতে রাখা হয়েছে এবং আইনগত পদক্ষেপ নেওয়ার আগে তাকে যাচাই-বাছাই করা হচ্ছে। পুলিশ সদস্যরা তাঁকে সেখান থেকে নিয়ে যান। যাচাই–বাছাই করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
আকাশ নিউজ ডেস্ক 
























