১৯৩৯ সালে নির্মিত দক্ষিণ মুম্বাইয়ের পাকমোদিয়া স্ট্রিটের হাজি ইসমাইল হাজি হাবিব মুসাফিরখানা এখন পরিণত হয়েছে বিএমসির বুলডোজারের লক্ষ্যবস্তুতে। হজ যাত্রীদের অস্থায়ী আবাসস্থল হিসেবে গড়ে ওঠা এই ভবনটি দীর্ঘ পাঁচ দশক ধরে পলাতক ডন দাউদ ইব্রাহিমের অপরাধ চক্রের মূল স্নায়ুকেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়েছে। সড়ক সম্প্রসারণ প্রকল্পের দোহাই দিয়ে মুম্বাই পৌর কর্তৃপক্ষ সম্প্রতি এর প্রথম তলার বাকি ১০টি কক্ষ এবং নিচতলার একটি বিতর্কিত প্রার্থনা কক্ষ গুঁড়িয়ে দেওয়ার পরিকল্পনা নিয়েছে। ১৯৭০ ও ১৯৮০-এর দশকের দিকে মুম্বাইয়ের আন্ডারওয়ার্ল্ডে দাউদ ইব্রাহিমের প্রভাব বাড়তে থাকে।
দাউদ ইব্রাহিম কাসকার এক সময় তার পরিবারের সদস্যদের নিয়ে এই মুসাফিরখানার দোতলায় বসবাস করতেন। সত্তরের দশক থেকে আশির দশক পর্যন্ত মুম্বাইয়ের আন্ডারওয়ার্ল্ডে তার আধিপত্য বিস্তারের সাথে সাথে ভবনটি তার ব্যক্তিগত বাড়ি ও অপরাধের কার্যালয় হয়ে ওঠে। সরকারি নথি অনুযায়ী, দাউদ বা তার পরিবারের কাছে এই সম্পত্তির কোনো বৈধ মালিকানা দলিল ছিল না। ১৯৮৬ সালে তিনি দেশ ছাড়লেও তার সহযোগীরা দীর্ঘ সময় এখান থেকে অবৈধ নেটওয়ার্ক চালিয়ে গেছে। এমনকি ১৯৯৩ সালের মুম্বাই ধারাবাহিক বোমা হামলার ছকও এই কার্যালয়েই তৈরি হয়েছিল বলে অভিযোগ রয়েছে। ১৯৮৬ সালে দাউদ ইব্রাহিম ভারত থেকে পালিয়ে যাওয়ার পরও তার সহযোগীরা ভবনটিতে সক্রিয় ছিল। তারা পুরোপুরি অবৈধ দখলের জোরে সেখান থেকে অপরাধ নেটওয়ার্ক পরিচালনা করতেন।
ঘটনার ধারাবাহিকতায়, ১৯৯৩ সালের পর থেকে মহারাষ্ট্র সরকার ভবনটি দাউদ পরিবারের দখলমুক্ত করতে আইনি লড়াই শুরু করে। ২০১৮ সালের এপ্রিলে সুপ্রিম কোর্ট সরকারের পক্ষে রায় দিয়ে সম্পত্তিটি বাজেয়াপ্ত করার নির্দেশ দেয়। এর আগে ২০১৫ সালের নভেম্বরে ভবনের প্রকৃত মালিক হাজি ইসমাইল হাজি হাবিব মুসাফিরখানা ট্রাস্ট এটি ১ কোটি ১০ লাখ রুপিতে সাইফি বুরহানি আপলিফটমেন্ট ট্রাস্টের কাছে বিক্রি করে দেয়। ভবনটি ঝুঁকিপূর্ণ ঘোষিত হওয়ায় ২০২০ সালের আগস্টে হাইকোর্ট তা ভাঙার অনুমতি প্রদান করে।
তবে গত ১৬ নভেম্বর বিএমসি ভবনটি ভাঙার নোটিশ দিলে স্থানীয়রা তীব্র প্রতিবাদ জানান। স্থানীয় বাসিন্দাদের দাবি, নিচতলার কক্ষটি কেবল প্রার্থনা কক্ষ নয়, এটি একটি মসজিদ এবং ওয়াকফ সম্পত্তি। এআইএমআইএম নেতা ওয়ারিস পাঠান ও কংগ্রেস বিধায়ক আমিন প্যাটেল আইনি জটিলতা নিরসনের আগে ভবন ভাঙার প্রক্রিয়াকে একতরফা এবং বেআইনি বলে আখ্যা দিয়েছেন।
আকাশ নিউজ ডেস্ক 























