ইসরাইলের ২৬তম পার্লামেন্ট বা নেসেটের যাত্রা শুরুর দিনেই বড় চ্যালেঞ্জের মুখে পড়েছেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। সম্ভাব্য প্রধানমন্ত্রী গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন বিরোধী জোট সরকার কর্তৃক পাস হওয়া বেশ কিছু বিতর্কিত আইন ও নীতি বাতিলের লক্ষ্য নিয়ে মাঠে নেমেছে। ১০ নভেম্বর অনুষ্ঠিত পার্লামেন্টের প্রথম অধিবেশনে বিরোধী দলগুলো এই সংক্রান্ত একগুচ্ছ বিল জমা দিয়েছে। টাইমস অব ইসরাইল জানিয়েছে, এ লক্ষ্যে একাধিক বিল জমা দিয়েছেন বিরোধী নেতা আইজেনকোটের নেতৃত্বাধীন জোটের দলগুলো।
প্রস্তাবিত বিলগুলোর মধ্যে ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার ঘটনা তদন্তে একটি রাষ্ট্রীয় কমিশন গঠন করার বিষয়টি অগ্রাধিকার পাচ্ছে। নেতানিয়াহু সরকারের পক্ষ থেকে এই কমিশন গঠনের বিরোধিতা করা হলেও বিরোধী জোট এটিকে প্রধান নির্বাচনি প্রতিশ্রুতি হিসেবে সামনে এনেছে। বিরোধী নেতাদের অভিযোগ, হামলার সময়ের নিরাপত্তা ব্যর্থতার দায় এড়াতেই নেতানিয়াহু তদন্তে বাধা দিচ্ছেন। তারা মনে করেন, সুপ্রিম কোর্টের অধীনে স্বাধীন তদন্ত হওয়া জরুরি।
আইজেনকোটের দল ‘ইয়াশার’ এবং ইয়াইর গোলানের নেতৃত্বাধীন ‘ডেমোক্র্যাটস পার্টি’ বেশ কয়েকটি বিতর্কিত আইন পরিবর্তনের প্রস্তাব করেছে। এর মধ্যে রয়েছে অ্যাটর্নি জেনারেলের ক্ষমতা খর্ব করা, বিচারক নিয়োগ কমিটির কাঠামোতে পরিবর্তন আনা এবং যোগাযোগমন্ত্রী শ্লোমো কারহির বিতর্কিত গণমাধ্যম সংস্কার আইন বাতিল করা। ডেমোক্র্যাটস পার্টি ফৌজদারি মামলার সম্মুখীন ব্যক্তিদের সরকারি পদে আসীন হওয়া নিষিদ্ধ করার প্রস্তাবও রেখেছে।
বিচার বিভাগ সংস্কারের অংশ হিসেবে অতীতে যেসব আইন পাস হয়েছিল, সেগুলো নিয়ে ব্যাপক সমালোচনা ছিল। সমালোচকদের মতে, এ ধরনের পরিবর্তনের ফলে ইসরাইলের গণতন্ত্র ও ক্ষমতার ভারসাম্য মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। তবে সংস্কারপন্থিদের দাবি, বিচার বিভাগের ক্ষমতা নিয়ন্ত্রণ করা দেশের উন্নয়নের স্বার্থে প্রয়োজন ছিল। অ্যাটর্নি জেনারেলের ক্ষমতা কমানোর আইনটি ২০২৭ সালের জানুয়ারি থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে, যার ফলে মন্ত্রীরা চাইলে যেকোনো বাধ্যতামূলক আইনি মতামত প্রত্যাখ্যান করতে পারবেন। এসব উদ্যোগের বিরুদ্ধে ইসরাইলে ব্যাপক বিক্ষোভ হয়েছিল।
পার্লামেন্টে জমা দেওয়া নতুন প্রস্তাবগুলোতে সামাজিক সংস্কারের বিষয়টিও যুক্ত করা হয়েছে। এর মধ্যে শাবাতে বা সাপ্তাহিক ধর্মীয় ছুটির দিনে গণপরিবহন চালু, সিভিল ম্যারেজ বা বেসামরিক বিয়ের বৈধতা, অতি-রক্ষণশীল বা হারেদি সম্প্রদায়ের শিক্ষা প্রতিষ্ঠানের ওপর কড়াকড়ি এবং সমতার অধিকার সংবিধানে অন্তর্ভুক্ত করার দাবি রয়েছে। পাশাপাশি এলজিবিটিকিউ জনগোষ্ঠীর অধিকার সম্প্রসারণের বিষয়টিও আলোচনায় এসেছে।
আগের সরকারের আমলে পুলিশের অভ্যন্তরীণ তদন্ত বিভাগের নিয়ন্ত্রণ আইনমন্ত্রীর হাতে ন্যস্ত করার যে উদ্যোগ নেওয়া হয়েছিল, সেটিও বাতিলের জন্য বিল দিয়েছে ইয়াশার। বিচারক নিয়োগের ক্ষেত্রে সরকার ও বিরোধী দলের মনোনীত আইনজীবীদের প্রাধান্য দেওয়ার যে বিধান করা হয়েছিল, তাও বাতিলের উদ্যোগ নেওয়া হয়েছে। ২০২৪ সালে সুপ্রিম কোর্ট প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনে অক্ষমতা ঘোষণাসংক্রান্ত একটি আইন পরবর্তী নির্বাচন পর্যন্ত স্থগিত করেছিলেন, কারণ আদালত পর্যবেক্ষণ করেছিল যে আইনটি নেতানিয়াহুকে ব্যক্তিগত সুবিধা দেওয়ার উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল। নিম্ন আদালতের বিচারক নিয়োগে সরকার, বিরোধী দল ও বিচার বিভাগের প্রতিনিধিদের ভেটো দেওয়ার ক্ষমতাও রাখা হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 
























