ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে সমির উদ্দীন স্মৃতি কলেজের প্রধান ফটকে তালা ঝুলিয়ে ও ধর্মঘটের পোস্টার সাঁটিয়ে ছবি তোলার সময় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে আটক করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা। মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ১১টার দিকে এই ঘটনা ঘটে। আটককৃত ব্যক্তির নাম আরিফ হাসান, তিনি কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে পরিচিত।
উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইলিয়াস আলী জানান, ঘটনার সময় আরিফ কলেজের ফটকে তালা লাগিয়ে পোস্টার সাঁটানোর পর বাইরে থেকে ছবি তুলছিলেন। খবর পেয়ে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাকে ধাওয়া দিয়ে আটক করেন এবং পরবর্তীতে পুলিশের কাছে সোপর্দ করেন। ইলিয়াস আলী আরও বলেন, এই উপজেলায় ছাত্রলীগের কোনো ধরনের নাশকতামূলক বা নেতিবাচক কার্যক্রম সফল হতে দেওয়া হবে না এবং তারা সাংগঠনিক নির্দেশে মাঠ পর্যায়ে সতর্ক অবস্থানে রয়েছেন।
এ বিষয়ে বালিয়াডাঙ্গী থানার ওসি (তদন্ত) আব্দুল হাকিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ওই নেতাকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 
























