সিরাজগঞ্জ সদর উপজেলার ভেড়ামারা বাজারের একটি মার্কেটে অভিযান চালিয়ে এম এ ওয়াদুদ নামের এক ভুয়া চিকিৎসককে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বাহুকা গ্রামের বাসিন্দা এই ব্যক্তি দীর্ঘদিন ধরে নিজেকে চিকিৎসক পরিচয় দিয়ে রোগীদের ব্যবস্থাপত্র ও অ্যান্টিবায়োটিক সেবনের পরামর্শ দিয়ে আসছিলেন। সিরাজগঞ্জ সদর উপজেলার ভেড়ামারা বাজারের একটি মার্কেটে অভিযান চালিয়ে এম এ ওয়াদুদ নামে এক ভুয়া চিকিৎসককে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় এম এ ওয়াদুদকে বিভিন্ন রোগীকে ব্যবস্থাপত্র দিতে এবং বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক সেবনের পরামর্শ দিতে দেখা যায়।
মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসান আহমেদ খানের নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযানে ভুয়া চিকিৎসকের কার্যক্রমে সেবাগ্রহীতাদের স্বাস্থ্যঝুঁকি ও নিরাপত্তা বিঘ্নিত হওয়ার বিষয়টি প্রমাণিত হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় এই জরিমানা করা হয়েছে।
জরিমানার পাশাপাশি ওই ব্যক্তিকে ভবিষ্যতে এমন অবৈধ কর্মকাণ্ডে জড়িত না থাকার শর্তে মুচলেকা দিতে হয়েছে। অভিযানে উপজেলা মেডিকেল অফিসার ডা. জোবায়দা সুলতানা এবং স্থানীয় পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
আকাশ নিউজ ডেস্ক 
























