বিরোধী দলের উদ্দেশ্যে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, দেড় হাজার গাড়ি নিয়ে বিলাসবহুল লং ড্রাইভে যাওয়া এখন বন্ধ করুন। বর্তমান সময়ে ফটোসেশনের রাজনীতি না করে জনগণের পাশে দাঁড়ানো ও এলাকার ময়লা পরিষ্কারের মতো গঠনমূলক কাজে অংশ নেওয়ার জন্য বিরোধী দলের প্রতি আহ্বান জানান তিনি। শনিবার (৩১ অক্টোবর) সকালে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উদ্যোগে মিরপুর আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত ডেঙ্গু রোগী শনাক্তকরণ ও মোবাইল ফিভার ক্লিনিক সেবা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন।
প্রতিমন্ত্রী আরও বলেন, কেবল ভোরবেলা ঝাড়ু হাতে ফটোসেশন করলেই দায়িত্ব শেষ হয় না। ফ্যাসিবাদের রেখে যাওয়া দেশের সমস্ত জঞ্জাল পরিষ্কার করার জন্য দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে লড়াইয়ে নামতে হবে। বিরোধী দলের বর্তমান রাজনৈতিক কর্মকাণ্ডের কঠোর সমালোচনা করে তিনি বলেন, আজও তারা সেই পুরনো জনসভার রাজনীতিতে মগ্ন রয়েছেন। মানুষ এখন আর বক্তৃতানির্ভর রাজনীতি শুনতে আগ্রহী নয়। প্রধানমন্ত্রী বাংলাদেশে যে নতুন ধারার জনসেবার রাজনীতি প্রবর্তন করেছেন, তাতে শামিল হওয়ার সময় এসেছে।
উদ্বোধন করা ‘মোবাইল ফিভার ক্লিনিক’ সম্পর্কে তিনি জানান, এটি কেবল জ্বর পরীক্ষার কেন্দ্র হিসেবে সীমাবদ্ধ থাকবে না। এই উদ্যোগকে একটি পূর্ণাঙ্গ ছোটখাটো হাসপাতালে রূপান্তর করার পরিকল্পনা রয়েছে। এখানে সাধারণ ডেঙ্গু পরীক্ষার বাইরেও গাইনি, শিশু ও চর্মরোগ বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা দেওয়া হচ্ছে। একইসঙ্গে উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস পরীক্ষার বিশেষ ডট কর্নার এবং মা-শিশুদের পুষ্টি ও পরিবার পরিকল্পনা সেবা নিশ্চিত করা হয়েছে, যা স্থানীয়দের বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রাপ্তিতে সহায়তা করছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
আকাশ নিউজ ডেস্ক 













