রাজধানীর ভাটারা থানার পুলিশ হাউজিং আবাসিক এলাকায় নিজের বাসায় ডিজে পার্টি ও মাদক সেবনের সুযোগ করে দেওয়ার অভিযোগে পুলিশের অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহিরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই আদেশে তাকে রাঙামাটির বেতবুনিয়ায় পুলিশ স্পেশাল ট্রেনিং স্কুলে (পিএসটিএস) সংযুক্ত করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে শনিবার (৩১ অক্টোবর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, গত ১৯ অক্টোবর ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) উত্তর শাখা ভাটারা এলাকার ওই বাসাটিতে অভিযান চালায়। ডিবির ভাষ্যমতে, সেই সময় বাড়িটিতে ডিজে পার্টির আয়োজন চলছিল এবং সেখানে অবৈধ মাদক সেবনের ঘটনা ঘটছিল। অভিযানকালে পুলিশ গাঁজা, ইয়াবা ও মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম জব্দ করে। ওই ঘটনায় ২৬ জন নারীসহ মোট ৮৫ জনকে আটক করা হয়েছিল, যা বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছিল।
পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তার এ ধরনের কর্মকাণ্ডে জনমনে পুলিশের প্রতি নেতিবাচক ধারণার সৃষ্টি হয়েছে এবং বাহিনীর ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
বিভাগীয় নিয়ম-শৃঙ্খলার পরিপন্থি, শিষ্টাচারবহির্ভূত ও অদক্ষতামূলক কর্মকাণ্ডের দায়ে তার বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ১২(১) বিধি অনুযায়ী গত ২৫ অক্টোবর থেকে তাকে বরখাস্তের আদেশ কার্যকর করা হয়েছে। সাময়িক বরখাস্তকালীন নিয়ম অনুযায়ী তিনি কেবল খোরাকি ভাতা প্রাপ্য হবেন।
আকাশ নিউজ ডেস্ক 



















