চলমান যুদ্ধ বন্ধে নিজেদের সুনির্দিষ্ট ও কঠোর শর্তাবলির ঘোষণা দিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। দেশটি জানিয়েছে, সব মোর্চায় চাপিয়ে দেওয়া সংঘাত বন্ধ করা এবং পারস্য উপসাগর ও কৌশলগত হরমুজ প্রণালীর নিরাপত্তা নিশ্চিত করাই এখন তাদের প্রধান লক্ষ্য। এই লক্ষ্য অর্জনে ওমানের সাথে একটি গুরুত্বপূর্ণ চুক্তির রূপরেখা চূড়ান্ত করেছে ইরান।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই সম্প্রতি ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার প্রেক্ষাপটে জানিয়েছেন যে, ইসলামি প্রজাতন্ত্র ইরানের অবস্থান অত্যন্ত স্পষ্ট ও দৃঢ়। আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইরান এখন অপর পক্ষের প্রস্তাবগুলোর উপযুক্ত জবাব প্রদানের প্রস্তুতি নিচ্ছে।
মেহের নিউজের তথ্যমতে, ওমানের সাথে ইরানের এই আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। হরমুজ প্রণালীতে নিরাপদ যাতায়াতের রুটগুলোর ভৌগোলিক স্থানাঙ্ক নিয়ে উভয় পক্ষ ঐকমত্যে পৌঁছেছে। এছাড়া, বিষয়টি আন্তর্জাতিক ফোরামে কীভাবে উত্থাপন করা হবে, সে বিষয়েও পারস্পরিক বোঝাপড়া সম্পন্ন হয়েছে। ইসমাইল বাঘেই আশা প্রকাশ করেছেন, খুব দ্রুতই এই সমঝোতা বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হবে।
আকাশ নিউজ ডেস্ক 



















