বলিউড তারকা সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি দম্পতির পরিবারে নতুন অতিথি আসছে। প্রথম সন্তানের জন্মের মাত্র এক বছরের ব্যবধানে কিয়ারা আবারো মা হতে যাওয়ার ঘোষণা দিয়েছেন। বুধবার (৭ অক্টোবর) নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করে খুশির এই বার্তা শেয়ার করেন অভিনেত্রী। তিনি লেখেন, “আবারো সবচেয়ে বড় উপহারটি পেলাম। আমাদের হৃদয় ভালোবাসা ও কৃতজ্ঞতায় পরিপূর্ণ।”
এই সুসংবাদ পাওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় কিয়ারা ও সিদ্ধার্থকে শুভেচ্ছায় ভাসাচ্ছেন ভক্ত এবং সহকর্মীরা। তাদের অভিনন্দনের তালিকায় রয়েছেন ভাবনা পান্ডে, মহিপ কাপুর, আথিয়া শেঠি, গৌহর খান এবং সঞ্জয় কাপুরের মতো তারকারা।
উল্লেখ্য, ‘শেরশাহ’ সিনেমার সেটে গড়ে ওঠা সম্পর্কের সূত্র ধরে দীর্ঘ প্রেমের পর ২০২৩ সালের ৭ ফেব্রুয়ারি রাজস্থানের জয়সালমীরে বিবাহবন্ধনে আবদ্ধ হন সিদ্ধার্থ ও কিয়ারা। বিয়ের পর গত বছরের ফেব্রুয়ারি মাসে তারা বাবা-মা হওয়ার ঘোষণা দিয়েছিলেন। পরবর্তীতে ১৫ জুলাই কিয়ারা তাদের প্রথম কন্যাসন্তানের জন্ম দেন। এখন দ্বিতীয় সন্তানকে স্বাগত জানানোর অপেক্ষায় প্রহর গুনছেন এই তারকা দম্পতি।
আকাশ নিউজ ডেস্ক 








