আকাশ জাতীয় ডেস্ক:
রাজধানীর দক্ষিণখানে মাহবুবা আরা বেগম (৭১) নামে এক বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যার ঘটনায় তারই দূর সম্পর্কের আত্মীয় মো. আবু তালহা সজিবকে (২৯) গ্রেফতার করেছে পুলিশ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত পুলিশকে জানিয়েছে, টাকা না পেয়ে তাকে হত্যা করে সজীব। শুক্রবার দক্ষিণখান থানায় নিহতের ছেলে মাহবুব হাসান বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা দক্ষিণখান থানার এসআই আব্দুল্লাহ আল মামুন জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, সজিব নিহতের ভাশুরের নাতি এবং নিয়মিত ওই বাসায় যাতায়াত করতেন। ঘটনার দিন তার টাকার প্রয়োজন ছিল। তিনি যে বাসায় থাকতেন সেখানে প্রায় ১৭ হাজার টাকা বাড়িভাড়া বকেয়া ছিল। এ কারণে মাহবুবা বেগমের কাছে টাকা চাইলে তিনি দিতে অস্বীকৃতি জানান।
তিনি বলেন, ঘটনার সময় বৃদ্ধার স্বামী আসরের নামাজ পড়তে বাইরে গেলে সজিব প্রথমে ঘুমিয়ে থাকা মাহবুবা বেগমের কানের স্বর্ণের দুল চুরি করার পরিকল্পনা করেন। সিসিটিভি ফুটেজে দেখা যায়, তিনি একবার ঘরে উঁকি দিয়ে ফিরে যান। পরে একটি কাপড় নিয়ে এসে বৃদ্ধার মুখ চেপে ধরেন। এ সময় মাহবুবা বেগম চিৎকার করে বলেন, ‘তুই আমার সঙ্গে এমন করছিস কেন? আমার ছেলে সব সময় অনলাইনে সিসি ক্যামেরা দেখে।’ তখন সজিব বুঝতে পারেন তিনি তাকে চিনে ফেলেছেন। এরপর শ্বাসরোধ করে তাকে হত্যা করেন।
পুলিশ জানায়, হত্যার পর সজিব বৃদ্ধার দুইটি স্বর্ণের কানের দুল নিয়ে একটি স্বর্ণের দোকানে বিক্রি করে দেন। পরে অভিযান চালিয়ে গলানো অবস্থায় সেই স্বর্ণ উদ্ধার করা হয়েছে। এছাড়া নিহতের হাতের চুড়ি নিয়ে গেলেও সেগুলো স্বর্ণের না হওয়ায় ফেলে দিয়েছেন বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছেন তিনি। গ্রেফতার আসামিকে শনিবার আদালতে পাঠানো হবে।
নিহতের স্বজন এ কে এম রুহুল আমিন জানান, মাহবুবা বেগমের এক ছেলে ও দুই মেয়ে। ছেলে উত্তরায় থাকেন, এক মেয়ে একই ভবনের অন্য একটি ফ্ল্যাটে এবং অপর মেয়ে টঙ্গীতে থাকেন। তাদের গ্রামের বাড়ি পিরোজপুরের কাউখালী উপজেলায়।
তিনি বলেন, নিহতের ছেলে রাতে বাসার কক্ষে স্থাপিত সিসিটিভি ক্যামেরায় মাকে দেখতে না পেয়ে আগের ফুটেজ পর্যালোচনা করেন। সেখানে দেখা যায়, এক যুবক শয়নকক্ষে ঢুকে মাহবুবা বেগমের মুখ চেপে ধরে হত্যা করে এবং পরে লাশ টেনে অন্য কক্ষে নিয়ে যায়। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। সিসিটিভি ফুটেজ ও অন্যান্য তথ্য বিশ্লেষণ করে অভিযুক্তকে শনাক্ত করে গ্রেফতার করা হয়।
দক্ষিণখান থানার পরিদর্শক (অপারেশন) মিন্টু চন্দ্র রায় বলেন, বৃদ্ধা বাসায় একাই ছিলেন। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। আসামিকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। নিহতের লাশ ময়নাতদন্ত শেষে পিরোজপুরের কাউখালীতে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 













