আকাশ জাতীয় ডেস্ক:
রাজধানীর রামপুরায় চলন্ত বাসে উঠতে গিয়ে আলিফ পরিবহনের একটি বাসের সামনের চাকার নিচে পিষ্ট হয়ে এক যাত্রীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেল পৌনে ৬টার দিকে রামপুরা ব্রিজের বনশ্রী ঢাল সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম শাহ খন্দকার সাজেদুল আলম (৫০)। তিনি শাহ খন্দকার নজরুল আলমের ছেলে।
রামপুরা ট্র্যাফিক পুলিশ সূত্রে জানা যায়, বাড্ডা থেকে আসা আলিফ পরিবহনের একটি বাস রামপুরা ব্রিজ থেকে বনশ্রীর দিকে টার্ন নেওয়ার সময় শাহ খন্দকার সাজেদুল আলম চলন্ত বাসে ওঠার চেষ্টা করেন। এ সময় পা পিছলে তিনি বাসের সামনের চাকার নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন উত্তেজিত হয়ে উঠলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং জনতার হাত থেকে বাস ও চালককে নিরাপদে উদ্ধার করে। পরে নিহতের মরদেহ, দুর্ঘটনাকবলিত বাস এবং চালক মো. সাব্বিরকে (২৭) রামপুরা থানায় হস্তান্তর করা হয়।
পুলিশ জানায়, নিহত সাজেদুল আলমের বাড়ি বগুড়া জেলায়। কোনো সন্তান নেই। স্ত্রীকে নিয়ে থাকেন বনশ্রী এলাকায়। সাজেদুল পেশায় একজন ডাক্তার। ঢাকায় একটি বেসরকারি হাসপাতালের চিকিৎসক তিনি। আজ বৃহস্পতিবার বনশ্রীর বাসায় ফেরার পথে তিনি বাস চাপায় নিহত হন।
রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. জাহাঙ্গীর হোসেন বলেন, নিহত সাজেদুলের মরদেহ ময়নাতদন্তের জন্য মুগদা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় বাসের চালক সাব্বিরকে আটক করা হয়েছে। মামলার প্রক্রিয়া শেষ হলে তাকে গ্রেপ্তার দেখানো হবে।
আকাশ নিউজ ডেস্ক 


















