আকাশ জাতীয় ডেস্ক:
চট্টগ্রামের সীতাকুণ্ডে পারিবারিক কলহের জেরে ছেলের ছুরিকাঘাতে পিতা নিহত হওয়ার ঘটনা ঘটেছে।
শনিবার (২৩ মে) বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত পিতার নাম নুর উল্লাহ (৬৫)। তিনি কক্সবাজারের মহেশখালী উপজেলার বাসিন্দা হলেও দীর্ঘদিন ধরে পরিবারসহ জঙ্গল সলিমপুর এলাকায় বসবাস করে আসছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, কথা কাটাকাটির একপর্যায়ে ছেলে মোহাম্মদ আব্দুল্লাহ তার পিতা নুর উল্লাহকে ছুরিকাঘাত করে। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে সন্ধ্যার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এদিকে স্থানীয়রা ঘাতক ছেলে আবদুল্লাহকে আটক করেছেন।
বিষয়টি নিশ্চিত করে ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সোহেল রানা বলেন, জঙ্গল সলিমপুরে ছেলের ছুরিকাঘাতে এক পিতার মৃত্যুর খবর পেয়েছি। ঘটনা বিকালের হলেও তিনি সন্ধ্যায় চমেক হাসপাতালে মারা যান। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 


















