আকাশ স্পোর্টস ডেস্ক :
সাদা বলের সিরিজ খেলতে বাংলাদেশ সফরে এসেছে নিউজিল্যান্ড। তিন ম্যাচের একদিনের আন্তর্জাতিক সিরিজে ২-১ ব্যবধানে হেরে গেছে কিউইরা। এরপর তিন ম্যাচের বিশ ওভারের সিরিজের প্রথমটিতে হারের পর দ্বিতীয় ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। সবকিছু মিলিয়ে সিরিজের শেষ ও নির্ধারণী ম্যাচটি আগামীকাল অনুষ্ঠিত হবে।
এই ম্যাচকে সামনে রেখে আজ শুক্রবার সংবাদ সম্মেলনে কথা বলেন সফরকারী দলের অলরাউন্ডার ফক্সক্রফট। নিজের ভূমিকা ও দলের মানসিক অবস্থা নিয়ে তিনি বিস্তারিত কথা বলেন।
ফক্সক্রফট জানান, নিউজিল্যান্ডে তিনি যে ভূমিকায় খেলেন, বাংলাদেশে সেটি কিছুটা ভিন্ন। তবে তিনি বর্তমান পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন। তিনি বলেন, ‘আমি সবসময় বর্তমানের ওপর মনোযোগ রাখতে চাই এবং সামনে যা আসছে তা উপভোগ করতে চাই। তৃতীয় একদিনের আন্তর্জাতিক ম্যাচে আমার ইনিংসটি নিয়ে আমি নিজেও কিছুটা অবাক ছিলাম। তবে সেটি এখন অতীত। সামনে নতুন একটি ম্যাচ, আর আমি চাই দলের জয়ে অবদান রাখতে।’
সিরিজের পরিস্থিতি নিয়ে তিনি আরও বলেন, প্রথম ম্যাচেই জয় পাওয়ার খুব কাছে ছিল তাদের দল। কিন্তু পরিকল্পনা বাস্তবায়নে কয়েক ওভার পিছিয়ে পড়ার কারণে সেই সুযোগ হাতছাড়া হয়েছে। তিনি স্পষ্টভাবে জানান, দলে কোনো ধরনের আতঙ্ক নেই। বরং ছোটখাটো কিছু ভুল শুধরে নিলেই পরিস্থিতি বদলে যেতে পারে।
ফক্সক্রফটের ভাষায়, ‘আমাদের মধ্যে কোনো ভয় বা চাপ কাজ করছে না। শুধু ব্যাটিং ও বোলিং—দুই বিভাগেই কিছু ছোট ভুল হয়েছে। আমরা যদি সেগুলো ঠিক করতে পারি, তাহলে ভালো ফল পাওয়া সম্ভব। আশা করছি শেষ ম্যাচে আমরা আমাদের সেরাটা দিয়ে জয় ছিনিয়ে নিতে পারব।’
শেষ ম্যাচ জিতে সিরিজ সমতায় ফেরার বিষয়ে আশাবাদী এই অলরাউন্ডার। তিনি বলেন, ‘আমাদের সামনে এখনো সুযোগ আছে। আমরা যদি শেষ ম্যাচে জিততে পারি, তাহলে সিরিজে সমতা আনতে পারব। দলের সবাই ভালো মেজাজে আছে, গত কয়েকদিন অনুশীলন ও প্রস্তুতিও ভালো হয়েছে। সবাই ইতিবাচক মনোভাব নিয়ে এগোচ্ছে।’
প্রথম ম্যাচে দলের পারফরম্যান্সের কিছু দিক ইতিবাচক ছিল বলেও উল্লেখ করেন তিনি। তবে একই সঙ্গে স্বীকার করেন, কিছু ক্ষেত্রে তারা খেলাকে নিয়ন্ত্রণ করতে পারেননি। বিশেষ করে বোলিং ও ব্যাটিং দুই জায়গাতেই আরও উন্নতির প্রয়োজন রয়েছে।
তিনি বলেন, ‘কিছু ক্ষেত্রে বোলিংয়ে আমরা ধারাবাহিকতা রাখতে পারিনি, আবার কিছু জায়গায় ব্যাটিংয়েও ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখতে ব্যর্থ হয়েছি। দল হিসেবে আমরা জানি কোথায় কোথায় উন্নতি দরকার। সেই জায়গাগুলো নিয়েই আমরা কাজ করছি।’
শেষ ম্যাচের আগে দলের প্রস্তুতি নিয়েও কথা বলেন ফক্সক্রফট। তিনি জানান, আজ অনুশীলনের মাধ্যমে নিজেদের আরও প্রস্তুত করা হবে এবং সবাই চেষ্টা করছে শেষ ম্যাচে সেরা পারফরম্যান্স দেওয়ার জন্য।
এখন সব নজর আগামীকালের ম্যাচে যেখানে জয় পেলে সিরিজ সমতায় ফেরার সুযোগ রয়েছে নিউজিল্যান্ডের সামনে। অন্যদিকে বাংলাদেশ চাইবে এই ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নিতে। ফলে ম্যাচটি ঘিরে উত্তেজনা ইতিমধ্যেই তুঙ্গে।
আকাশ নিউজ ডেস্ক 






















