আকাশ স্পোর্টস ডেস্ক :
২০২৬ বিশ্বকাপ ঘিরে ব্রাজিলিয়ান ফুটবলে এখন বড় প্রশ্ন নেইমার কি আনচেলত্তির বিশ্বকাপ দলে জায়গা পাবেন? চূড়ান্ত উত্তর এখনও অজানা। আগামী ১৮ মে ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করবেন আনচেলত্তি, তার আগে কিছুই নিশ্চিত করে বলা যাচ্ছে না।
তবে নেইমারের বিশ্বকাপে থাকা না–থাকা নিয়ে ব্রাজিলিয়ানদের মতামত ইতিমধ্যেই স্পষ্ট হতে শুরু করেছে। ব্রাজিলের রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক গবেষণা সংস্থা ‘জেনিয়াল/কুয়েস্ট’-এর এক জরিপে উঠে এসেছে বিভক্ত জনমতের চিত্র।
গত বৃহস্পতিবার প্রকাশিত ওই জরিপ অনুযায়ী, নেইমারকে জাতীয় দলে ফেরানোর পক্ষে মত দিয়েছেন ৪৭ শতাংশ ব্রাজিলিয়ান। অন্যদিকে তার দলে ফেরার বিপক্ষে অবস্থান নিয়েছেন ৪৫ শতাংশ মানুষ। বাকি ৮ শতাংশ এ বিষয়ে কোনো মন্তব্য করেননি বা নির্দিষ্ট মত দেননি।
শুধু নেইমার ইস্যুই নয়, আসন্ন বিশ্বকাপ নিয়েও ব্রাজিলিয়ানদের মধ্যে তেমন উচ্ছ্বাস দেখা যাচ্ছে না। জরিপে অংশ নেওয়া ৫৪ শতাংশ মানুষ জানিয়েছেন, বিশ্বকাপ নিয়ে তাদের মনে কোনো ‘উত্তেজনা নেই’। মাত্র ১২ শতাংশ মানুষ বলেছেন, তারা এবারের আসর নিয়ে ‘খুবই রোমাঞ্চিত’। এছাড়া ৩২ শতাংশ জানিয়েছেন, তারা খুব একটা রোমাঞ্চ অনুভব করছেন না।
চোট ও ফিটনেস সমস্যার কারণে দুই বছরের বেশি সময় ধরে জাতীয় দলের বাইরে রয়েছেন নেইমার। ব্রাজিলের জার্সিতে তিনি সর্বশেষ খেলেছেন ২০২৩ সালের অক্টোবরে বিশ্বকাপ বাছাইপর্বে। জাতীয় দলে ফিরতে হলে এখন তাকে জায়গা পেতে হবে ঘোষিত বিশ্বকাপ স্কোয়াডেই, কারণ স্কোয়াড ঘোষণার আগে ব্রাজিলের আর কোনো ম্যাচ নেই।
স্কোয়াড ঘোষণার পর পানামা ও মিসরের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল, যেখানে চূড়ান্ত প্রস্তুতি সারবেন আনচেলত্তি। ফলে নেইমারের জন্য এখন প্রতিটি ক্লাব ম্যাচই হয়ে উঠেছে নিজের সামর্থ্য প্রমাণের বড় মঞ্চ।
জরিপটি চালানো হয় গত ১০ থেকে ১৩ এপ্রিল। এতে অংশ নেন ২ হাজার ৪ জন, যাদের সবার বয়স কমপক্ষে ১৬ বছর। সরাসরি মতামতের ভিত্তিতে তৈরি এ ধরনের জরিপকে বেশ নির্ভরযোগ্য হিসেবে বিবেচনা করা হয়।
অঞ্চলভেদে নেইমারকে নিয়ে মতপার্থক্যও বেশ স্পষ্ট। ব্রাজিলের দক্ষিণাঞ্চলে অধিকাংশ মানুষ নেইমারকে দলে নেওয়ার বিপক্ষে। বিপরীতে উত্তর-পূর্বাঞ্চলে তার পক্ষে সমর্থন বেশি। মধ্য-পশ্চিম ও উত্তরাঞ্চলেও নেইমারকে দলে ফেরানোর পক্ষে ঝোক দেখা গেছে।
দক্ষিণ-পূর্বাঞ্চলে চিত্রটা অনেকটাই সমানে সমান। আয়ের ভিত্তিতেও মতভেদের পার্থক্য রয়েছে স্বল্প আয়ের মানুষের মধ্যে পক্ষে-বিপক্ষে প্রায় সমান মত দেখা গেলেও উচ্চ আয়ের মানুষের মধ্যে নেইমারকে দলে নেওয়ার সমর্থন তুলনামূলক বেশি।
৩৪ বছর বয়সী নেইমার বর্তমানে ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে। ২০১০ সালে জাতীয় দলে অভিষেকের পর তাকে ঘিরে যে প্রত্যাশা তৈরি হয়েছিল, চোট ও ফিটনেস সমস্যার কারণে তা পুরোপুরি বাস্তবায়িত হয়নি। বিশ্বকাপ জয়ের লক্ষ্য নিয়ে ২০১৪, ২০১৮ ও ২০২২ তিনটি আসর খেললেও কাঙ্ক্ষিত সাফল্য পাননি এই ফরোয়ার্ড।
আকাশ নিউজ ডেস্ক 























