আকাশ জাতীয় ডেস্ক:
গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনের সংসদ সদস্য ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী বলেছেন, মাদক প্রতিরোধ করতে না পারলে যুবসমাজ ধ্বংস হয়ে যাবে। তাই যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে হলে মাদক প্রতিরোধে কার্যকর উদ্যোগ নিতে হবে। এ ক্ষেত্রে মাদক বিক্রেতা বা সেবনকারী কাউকেই ছাড় দেওয়া হবে না। মাদক প্রতিরোধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করা হবে।
শনিবার কোটালীপাড়া উপজেলার কলাবাড়ি গ্রামের দুর্গামন্দির চত্বরে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
স্বেচ্ছাসেবক দল সভাপতি বলেন, আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। আমাকে এমপি বা সংসদ সদস্য মনে করবেন না, আমি আপনাদের সেবক। আপনারা আমাকে সম্মানিত করেছেন, আমি এই সম্মান ধরে রাখতে চাই। আমি আমার জীবনের সবটুকু দিয়ে আপনাদের পাশে থাকব। আপনাদের আমাকে খুঁজতে হবে না, আমিই আপনাদের দ্বারে দ্বারে যাব এবং আপনাদের কথা শুনব।
উপস্থিত হিন্দু সম্প্রদায়ের মানুষের উদ্দেশ্যে তিনি বলেন, আমি কথা দিয়েছিলাম, নির্বাচিত হতে পারলে সংসদে গিয়ে আপনাদের কথা বলব। আমি আমার কথা রেখেছি। সংসদে দাঁড়িয়ে আপনাদের কথা বলেছি। ভবিষ্যতেও আপনাদের শান্তি ও নিরাপত্তার জন্য কথা বলব।
এলাকার উন্নয়ন প্রসঙ্গে এস এম জিলানী বলেন, ইতোমধ্যে এলাকার উন্নয়নে কাজ শুরু করেছি। আমাদের আস্থার ঠিকানা প্রধানমন্ত্রী তারেক রহমান সবার আগে মসজিদ, মন্দির, গির্জা, কবরস্থান ও শ্মশানের উন্নয়নের কথা বলেছেন। সেই দিকনির্দেশনা অনুযায়ী এলাকার উন্নয়ন করা হচ্ছে। পর্যায়ক্রমে সব ধরনের উন্নয়ন করা হবে।
এরপর সংসদ সদস্য এস এম জিলানী সাদুল্লাপুর ইউনিয়নের পলোটানা গ্রামের শ্রীরামকৃষ্ণ সেবাশ্রমে শ্রীরামকৃষ্ণদেবের ১৯১তম জন্মোৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
এ সময় উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আকাশ নিউজ ডেস্ক 



















