আকাশ স্পোর্টস ডেস্ক :
বাংলাদেশ দলকে অন্যায় ভাবে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার কারণে বিপদে পড়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশ বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নেওয়ায় টাইগারদের আসর থেকেই বাদ দিয়ে দেয় বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা।
আইসিসির এমন সিদ্ধান্তের কারণে বাংলাদেশকে সমর্থন জানিয়ে বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পাকিস্তান ভারত ম্যাচ বর্জনের ঘোষণা দেওয়ায় বিপাকে পড়েছে আইসিসি।
পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ১৫ ফেব্রুয়ারি কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ভারত-পাকিস্তান ম্যাচ হওয়ার কথা। কিন্তু বাংলাদেশের সমর্থনে ম্যাচটি না খেলার ঘোষণা দিয়েছে পাকিস্তান সরকার। এই ম্যাচটি না হলে প্রায় ৬ হাজার কোটি টাকা ক্ষতি হবে। যে কারণে এত বড় ক্ষতি এড়াতে পাকিস্তানকে ভারতের বিপক্ষে ম্যাচ খেলার জন্য অনুরোধ করেছে আরব আমিরাত ক্রিকেট বোর্ড।
পাকিস্তানকে দেওয়া এক চিঠিতে আমিরাত জানিয়েছে, ‘পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে আমিরাত ক্রিকেট বোর্ডের সম্পর্ক অনেক দিনের। অতীতেও আমরা ভেন্যু দিয়ে এবং ম্যাচ আয়োজন করে পাকিস্তানের পাশে ছিলাম। টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান ভারতের বিপক্ষে না খেলার যে সিদ্ধান্ত নিয়েছে সেটা ক্রিকেট এবং অনেক সদস্য দেশের জন্য বিপজ্জনক হবে। আইসিসির সহযোগী দেশগুলো আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। পরিবারের একজন সদস্য হিসেবে আমরা পিসিবিকে বলব যেন এই সিদ্ধান্ত তারা পুনর্বিবেচনা করে। সমাধানের পথে হাঁটার জন্য তাদের অনুরোধ করছি।’
বিশাল এই ক্ষতি থেকে বাঁচতে পিসিবির সঙ্গে চিঠি চালাচালি এবং সরাসরি আলোচনা করছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। গতকাল লাহোরে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভির সঙ্গে বৈঠক করেছেন আইসিসির ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজা।
আকাশ নিউজ ডেস্ক 























